হরতাল-অবরোধে কোনো সরকারের পতন ঘটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল না ডেকে অন্য উপায়ে বিক্ষোভ-সমাবেশ করার জন্য বিরোধী দলকে অনুরোধ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অনেক হরতাল-অবরোধ হয়েছে। কিন্তু কোনো সরকারেরই পতন ঘটেনি।’মন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আজ ঢাকা-চট্টগ্রাম বিকল্প সড়কের কুমিল্লা অংশ পরিদর্শন করবেন। মন্ত্রী বলেন, ‘৯০-এর আন্দোলনের পর থেকে বিএনপি ও আওয়ামী লীগ দুবার করে ক্ষমতায় এসেছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে। সবাই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছে। এর মধ্যে জনগণের নামে অনেক হরতাল, অনেক অবরোধ হয়েছে। কিন্তু এতে কোনো সরকারেরই পতন ঘটেনি। কাজেই অন্য উপায়ে বিক্ষোভ-সমাবেশ করুন। সংসদে আলোচনার ঝড় তুলুন।’মন্ত্রী বিরোধী দল বিএনপিকে বাইরে বিষোদগার না করে আসন্ন শীতকালীন সংসদ অধিবেশনে গিয়ে প্রাণবন্ত বিতর্কের ঝড় তোলার আহ্বান জানান। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা যদি মনে করে নির্বাচনের স্বরূপ ও পদ্ধতিগত বিষয় নিয়ে কোনো সংকটের কারণ আছে, সেগুলো তারা সংসদে উত্থাপন করতে পারে।’ বেহাল সিলেট-কুমিল্লা মহাসড়ক প্রসঙ্গে মন্ত্রী সড়ক ও জনপদের প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা চিত্র তুলে ধরবেন না। দেশের মানুষকে এত বোকা ভাবা ঠিক নয়। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। আপনারা ঢাকার বৈঠকে এই সড়ক নিয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। এখন জনগণের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই।’