হরতাল অযৌক্তিক, আলোচনার সব পথ খোলা: আশরাফ
বিরোধী দলের হরতাল কর্মসূচিকে ‘অর্থহীন ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হবে কি না, তা নিয়ে এখনো সংসদে আলোচনা হয়নি। তাই আসুন, আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে একটা উপায় বের করি, যাতে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়।’গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আলোচনার পথ রুদ্ধ হলে যখন কোনো উপায় থাকে না, তখন হরতাল হয়। অতীতে এভাবেই হরতাল হয়েছে। কিন্তু আলোচনার সব পথ খোলা। কোনো পথ বন্ধ নেই।’সৈয়দ আশরাফ বলেন, সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতিদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলা হয়েছে। আবার বিএনপির তৈরি করা আইন অনুযায়ী এ বি এম খায়রুল হকের পরবর্তী প্রধান উপদেষ্টা হওয়ার কথা। কিন্তু বিএনপি তাঁকে মানতে চাইছে না। এ অবস্থায় খায়রুল হককে বাদ দিলে কে প্রধান উপদেষ্টা হবেন, তা নিয়েও আলোচনার দরকার আছে। তিনি বলেন, ‘বিএনপি যদি আলোচনায় না আসে, তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আন্দোলন করে তারা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে। আমরা যা যা করেছি, বিএনপিও তা করলে ফলাফল যে একই হবে, তার গ্যারান্টি নেই।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতালকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ‘রাজনৈতিক সন্ত্রাসমূলক কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, হরতালে সরকারি কাজকর্ম ও কলকারখানা চালু থাকে। কেবল রাস্তায় যানবাহন চলাচল আর বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। এমন কর্মসূচিতে সাধারণ মানুষ ও স্কুলগামী ছেলেমেয়ের ওপর জুলুম হয়। এই অত্যাচার-নির্যাতনের হরতালে মানুষের সমর্থন নেই। সৈয়দ আশরাফ বলেন, ১০-১২টা হরতাল দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। খালেদা জিয়া ডানে রাজাকার ও বাঁয়ে যুদ্ধাপরাধী নিয়ে গণতন্ত্র কায়েম করবেন, জনগণ তা বিশ্বাস করে না। এসব আন্দোলন করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। এ সরকারের আমলেই শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ হবে।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, নূহ উল আলম লেনিন, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণালকান্তি দাস, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম, সুজিৎ রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।