হরতাল এক ঘণ্টা কমল
বিএনপির ডাকা কাল বৃহস্পতিবারের হরতালের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী হরতাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও শেষ হবে এক ঘণ্টা আগে বিকেল পাঁচটায়। আজ বুধবার দুপুরে বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানায়।সময় কমানোর কারণ হিসেবে সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার আগেই বিকেল পাঁচটার দিকে সন্ধ্যা হয়ে যায়। এ কারণেই হরতালের সময় এক ঘণ্টা কমানো হয়েছে।জ্বালানি তেল ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর প্রতিবাদে কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এ ছাড়া আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং পরে নগরে বিক্ষোভ মিছিল করে দলটি।কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চারদলীয় জোটের অন্য শরিক ও সমমনা দলগুলোও যুগপত্ভাবে এ হরতাল পালন করবে।