হরতাল ও ছুটির কবলে মার্চ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের ১৭ দিনের মধ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটি আর হরতালের কবলে কেটেছে ১২ দিন। স্বাভাবিক কর্মকাণ্ডের জন্য মাত্র পাঁচ দিন ছিল।চলতি সপ্তাহে তিন দিনের সাপ্তাহিক ও সরকারি বন্ধের সঙ্গে যোগ হয়েছে আরও তিন দিনের হরতাল; এর মধ্যে সারা দেশে দুই দিন আর ঢাকায় তিন দিনের হরতাল। অর্থাত্ এই সপ্তাহেও স্বাভাবিক দিন থাকছে মাত্র একটি।৩১ দিনের মার্চ মাসে বাকি ১৪ দিনে এখন পর্যন্ত পাঁচ দিনের সাপ্তাহিক ও সরকারি ছুটি আর তিন দিনের হরতাল মিলে আট দিন থাকছে ছুটির আমেজ। বিএনপির সূত্রগুলো বলছে, আগামী সপ্তাহেও দু-একটি হরতাল আসতে পারে।জামায়াত-শিবিরের সহিংসতার মধ্য দিয়ে শুরু হয়েছিল এ মাস। তবে মাসের শুরুর প্রথম দুই দিন ছিল শুক্র ও শনিবার। ওই দুই দিন বন্ধের পর রবি ও সোমবার টানা দুই দিনের হরতাল পালন করে জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে মিলিয়ে পরদিন মঙ্গলবার সারা দেশে হরতাল পালন করে প্রধান বিরোধী দল বিএনপি। এর এক দিন পর ৭ মার্চ বৃহস্পতিবার আবারও হরতাল ডাকে বিএনপি। সব মিলিয়ে মাসের প্রথম সপ্তাহে সরকারি ছুটি ও হরতালের কবলমুক্ত ছিল মাত্র একটি দিন।দ্বিতীয় সপ্তাহটি তুলনামূলক ভালো ছিল। ওই সপ্তাহে হরতাল ছিল এক দিন, ১২ মার্চ মঙ্গলবার। শুক্র, শনি ও মঙ্গলবার বাদে বাকি চার দিন ছিল স্বাভাবিক।তবে মাসের প্রথম সপ্তাহের মতো তৃতীয় সপ্তাহও সরকারি বন্ধ আর হরতালের কবলে পড়েছে। চলতি সপ্তাহে ১৫ ও ১৬ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের ছুটি। টানা এই তিন দিনের ছুটির সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার তথা আরও দুই দিনের হরতাল। এই সপ্তাহের টানা পাঁচ দিন যাচ্ছে ছুটি ও হরতালের কবলে। মাঝে এক দিন বুধবার এখন পর্যন্ত কোনো কর্মসূচি নেই। তবে পরদিন বৃহস্পতিবার ঢাকা জেলায় হরতাল করবে বিএনপি।বিএনপির সূত্র বলছে, ১৮ ও ১৯ মার্চের হরতালে সরকারের আচরণের পরিপ্রেক্ষিতে এর পরের সপ্তাহেও দু-একটি হরতাল ডাকা হতে পারে। এ ছাড়া মাসের শেষ সপ্তাহে ২৬ মার্চের ছুটিসহ আছে তিন দিনের সরকারি ও সাপ্তাহিক ছুটি।