হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা আগামীকাল সোমবারের হরতাল কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, ধর্মীয় মোড়কে দেশের মাটিতে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। সোমবার জামায়াতের ডাকা বেআইনি হরতাল প্রতিহত করা হবে। পাশাপাশি এই হরতালে দোকানপাট খোলা রাখার ঘোষণা দিয়েছে রাজধানীর দোকান মালিক সমিতি।আজ রোববার সচিবালয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের নতুন সমঝোতা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এর মধ্যে যেসব হত্যার ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তা ছাড়া সীমান্তে হত্যা আগের তুলনায় অনেক কমেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।সীমান্তে চোরাচালান বন্ধে বাংলাদেশ-ভারতের আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ছাড়া সন্ত্রাসবাদ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে কাজ করা হবে এবং চাহিদামতো বন্দীবিনিময় চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।’বাংলাদেশের কারাগারে থাকা ভারতের শীর্ষ সন্ত্রাসী অনুপ চেটিয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুপ চেটিয়ার মামলা চলমান। এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’