হরতাল কার্যত প্রত্যাখ্যাত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল কার্যত প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ মন্তব্য করে বলেন, ‘এ হরতাল ছিল একান্তই পারিবারিক স্বার্থে, জাতীয় কোনো বিষয় নিয়ে বিএনপি হরতাল ডাকেনি। সরকারি বাড়ি রক্ষার এই অযৌক্তিক হরতালে জনগণের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না। বরং হরতালের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ও ঘৃণা লক্ষ করা গেছে।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় দলের ধানমন্ডির কার্যালয়ে হরতাল-পরবর্তী এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও তারা ঢাকাসহ সারা দেশে গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে সহিংসতা করেছে। বিএনপির এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যহত হয়েছে। দলীয় এই নেতা আরও বলেন, হরতাল প্রতিবাদের শেষ অস্ত্র। এটা এমন সময় প্রয়োগ করা উচিত যখন আর কোনো পথ থাকে না। কিন্তু ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য হরতাল কাম্য নয়। তিনি হরতালের বিকল্প শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির পথ বের করার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশে বলেন, ‘আসুন, সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখি।’