প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি, শিক্ষানীতি ও হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন এই হরতালকে সমর্থন দিয়েছে।এদিকে হরতাল সফল করতে দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে ছাত্রদের এনে ঢাকায় জড়ো করা হয়েছে বলে একটি গোয়েন্দা সংস্থা সরকারকে জানিয়েছে। হরতাল সফল করতে গতকাল মুক্তাঙ্গনে সমাবেশ করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। সমাবেশে সংগঠনের আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী হরতালের সময় কোরআন শরিফ নিয়ে ও কাফনের কাপড় পরে রাজপথে নামার আহ্বান জানান।সরকারি সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় সরকারও কঠোর অবস্থানে রয়েছে। হরতালের সময় কাউকে লাঠি হাতে রাস্তায় নামতে বা মিছিল করতে দেওয়া হবে না। পুলিশের পাহারায় যানবাহন চলবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গতকাল একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, হরতাল সমর্থনকারীরা বিভিন্ন মাদ্রাসায় যোগাযোগ করে কর্মীদের তালিকা তৈরি করেছে। তালিকা অনুযায়ী কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে। চট্টগ্রাম ও বরিশাল এলাকা থেকে সবচেয়ে বেশি মাদ্রাসাছাত্র আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের কাছে প্রতিবেদনটি পাঠানো হয়েছে।হাটহাজারী মাদ্রাসায় ছুটি: প্রথম আলোর হাটহাজারী প্রতিনিধি জানান, দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা (দারুল উলুম মুঈনুল ইসলাম) হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। গত শনিবার মাদ্রাসা মিলনায়তনে শিক্ষকদের এক মতবিনিময় সভায় হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি এ আহ্বান জানান। হরতাল সম্পর্কে কর্মপন্থা নির্ধারণে এই মতবিনিময় সভা করা হয়। একই সঙ্গে হরতাল সফল করতে গতকাল ও আজ মাদ্রাসায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের নিজ নিজ এলাকায় গিয়ে জনসাধারণকে সরকারের ‘ইসলামবিরোধী’ নারী নীতিমালা, শিক্ষানীতি ও ফতোয়াবিরোধী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি ২০১০ সালে গঠিত হেফাজতে ইসলামের সভাপতি। গতকাল যশোরে হরতালের সমর্থনে এই সংগঠনের মিছিল চলাকালে গুলিতে একজন নিহত হয়েছে।এইচ টি ইমামের বাড়িতে বৈঠক: হরতাল মোকাবিলার কৌশল নির্ধারণে গত শনিবার রাত ১২টায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বাসায় বৈঠক ডাকা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান এবং পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হরতালের দিন রাজপথে রাখার প্রস্তাব করা হলেও নেতারা এ বিষয়ে একমত পোষণ করেননি। বৈঠকে এক নেতা বলেন, হরতালে দলীয় কর্মীদের নামালে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। বরং পুলিশই বিষয়টি মোকাবিলা করুক।বৈঠক সম্পর্কে জানতে চাইলে মির্জা আজম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি যুবলীগের নেতা-কর্মীদের হরতালের দিন সজাগ থাকতে বলেছেন বলে প্রথম আলোকে জানান।বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: হরতালবিরোধী মিছিল বা সমাবেশের নামে সম্ভাব্য বিশৃঙ্খলা ও জানমালের ক্ষতি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। জানা গেছে, হরতালের পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ ও অন্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হরতাল মোকাবিলায় সকাল থেকেই পুলিশ রাজপথে থাকবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, ‘ইস্যুবিহীন এই হরতাল জনগণ কখনোই সমর্থন করবে না।’ হরতালের সময় পুলিশ বাড়াবাড়ি করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, হরতালে অগ্নিসংযোগ ও ভাঙচুর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিরোধ করবে।পুলিশ কমিশনারের ব্রিফিং: হরতালের সময় যে কেউ যানবাহন চালাতে চাইলে পুলিশ সহায়তা করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। হরতাল মোকাবিলার প্রস্তুতি নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মিন্টো রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, হরতাল মোকাবিলায় পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ সহিংসতা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।পুলিশ কমিশনার বলেন, রাজধানীবাসীর নিরাপত্তার প্রয়োজনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। কেউ লঞ্চ বা অন্য কোনো যানবাহন চালাতে চাইলে পুলিশি সহায়তা দেওয়া হবে।হরতালের পক্ষে: হরতালের সমর্থনে গতকাল রোববার বিকেলে মুক্তাঙ্গনে এক সমাবেশে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেন, সরকারের প্রস্তাবিত নারীনীতি কোরআনবিরোধী। এ দেশে কোরআনবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমাদের কর্মীদের গায়ে হাত দিলে এর পরিণতি হবে ভয়াবহ। আর যদি আপনাদের লাগতেই ইচ্ছা হয়, তবে পুলিশ ছাড়া আসেন। দেখা যাবে কার বেশি শক্তি।’শেখ হাসিনাকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে করা দুটি মামলা প্রসঙ্গে মুফতি আমিনী বলেন, ‘আমি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিইনি। তবে কোরআনের বিরোধীরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’ সমাবেশ শেষে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশ, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামায়াত, খেলাফত আন্দোলন (একাংশ) ও জমিয়তে উলামায়ে ইসলাম হরতাল সফল করতে পৃথক বিবৃতি দিয়েছে।হরতালের বিপক্ষে: হরতালের বিরুদ্ধে গতকাল বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী ঐক্যজোটের একাংশের সমাবেশ হয়। সমাবেশে দলের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান বলেন, প্রস্তাবিত নারী নীতিমালা কোরআনবিরোধী নয়। তাই হরতালের কোনো যৌক্তিকতা নেই। তিনি হরতাল প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।