হরতাল ঘৃণা করেন মজীনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হওয়াটা জরুরি। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সে ব্যাপারে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। তবে এ সমঝোতা যত দ্রুত হবে, বাংলাদেশের জন্য সেটাই মঙ্গল।আগামী নির্বাচনের আগে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ঢাকায় শীর্ষ মার্কিন কূটনীতিক আজ সোমবার এ মন্তব্য করেছেন। মজীনা বলেন, বাংলাদেশের শ্রমপরিবেশ, বিশেষ করে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি মার্কিন ক্রেতাদের ক্রমেই উদ্বেগ ও অসন্তুষ্ট করে তুলছে। এ প্রসঙ্গে তিনি গত এপ্রিলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বাংলাদেশের শ্রমমান নিয়ে উদ্বেগ বাড়ছে। এ ব্যাপারে ৩১ বছরের কূটনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতাও শ্রোতাদের শোনান ড্যান মজীনা। তিনি বলেন, ‘তিন দিন আগে মাঝরাতে যুক্তরাষ্ট্রের বৃহত্ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার ফোনে আমার ঘুম ভাঙে। কারণ বাংলাদেশ নিয়ে বিশেষ করে এখানকার শ্রমিক অধিকার সম্পর্কে ক্রমবর্ধমান নেতিবাচক প্রচারণায় ওই কর্মকর্তা উদ্বিগ্ন। ফলে মার্কিন প্রতিষ্ঠানের ওই কর্মকর্তা নিজের প্রতিষ্ঠানের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত। কারণ তিনি বাংলাদেশে উত্পাদিত পোশাক বাজারজাত করে থাকেন।’মজীনা জানান, মার্কিন ক্রেতাদের জন্য কাজ করেন—বাংলাদেশের এমন ছয়জন নাগরিক দুই দিন আগে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদেরও একই মত। তাঁদের সদর দপ্তর বাংলাদেশে উত্পাদিত পণ্যের ভাবমূর্তি নিয়ে শঙ্কায় আছে।এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিসিডব্লিউএস মার্কিন শ্রম অধিকার প্রতিষ্ঠান এএফএলসিআইওর সঙ্গে যুক্ত। এরই মধ্যে বাংলাদেশের জিএসপি-সুবিধা বন্ধ করতে মার্কিন কংগ্রেসে আবেদন জানিয়েছে এএফএলসিআইও। এ বিষয়টি সম্প্রতি ঢাকা সফরের সময় হিলারি ক্লিনটন উল্লেখ করেছেন বলে মজীনা জানান।শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডসহ পোশাকশিল্পের পরিবেশ নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। এ ছাড়া বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ব্যাপারেও মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন তিনি।আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘মজীনার সঙ্গে সংলাপ’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইপিএসএস)। অনুষ্ঠানের শুরুতে বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল (অব) এ এন এম মুনিরুজ্জামানের প্রশ্নের উত্তর দেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর মজীনা উত্তর দেন শ্রোতাদের প্রশ্নের। দুই ঘণ্টার অনুষ্ঠানে তিনি বাংলাদেশ-মার্কিন সম্পর্ক ছাড়াও পরিবর্তিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মার্কিন ভূমিকা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।অপরিহার্য ফলপ্রসূ সংলাপড্যান মজীনা বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রশংসা করে গণতন্ত্র বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সংকট কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে গণতন্ত্রের সংস্কৃতি গভীরভাবে প্রোথিত। তা ছাড়া বাংলাদেশে অগণতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা সুখকর নয়। তাই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তার সুরাহা করতে হবে।’টিকফা না হওয়ায় ভুল বার্তা প্রস্তাবিত বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা রূপরেখা ফোরাম চুক্তি (টিকফা) সই না হওয়ায় বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ভুল বার্তা পেয়েছে বলে মনে করেন মজীনা। তিনি বলেন, এটি সই হওয়ার ক্ষেত্রে দেরি হওয়ায় এমন বার্তাই যাচ্ছে যে আন্তর্জাতিক শ্রমমান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এসেছে।‘ঘৃণা করি হরতাল’প্রতিবাদের শেষ অস্ত্র হরতাল। এ অবস্থায় হরতাল কর্মসূচিকে তিনি কীভাবে দেখেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদের প্রশ্নের জবাবে মজীনার সাফ জবাব, ‘হরতাল ঘৃণা করি। যেকোনো পরিস্থিতিতেই হোক, কোনোভাবেই হরতাল দেওয়ার কোনো কারণ নেই।’মানবাধিকার প্রতিবেদন গুমের গুরুত্বগুম প্রসঙ্গে মজীনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি তাঁর ঢাকা সফরের সময় বিষয়টি উল্লেখ করেছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আর এ বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।