হরতাল চলছে, ঢাকায় আব্বাস-এ্যানি-শমসেরসহ আটক ৬৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকে আজ রোববার রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। বেলা দুইটা পর্যন্ত হরতাল চলাকালীন সংঘর্ষে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শমসের মবিন চৌধুরীসহ রাজধানী থেকে ৬৭ জনকে আটক করা হয়েছে। শমসেরসহ আটক ৩৫, আহত ৫: রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এবং বাড্ডা লিংক রোড এলাকা থেকে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শমসের মবিন চৌধুরীসহ বিএনপির ৩৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ ও চারজন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাখালীর ওয়্যারলেস গেটে সকাল থেকেই বিএনপি নেতা আলতাফ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তবে কোনো মিছিলই মূল সড়কে আসতে দেয়নি পুলিশ। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের কয়েক দফা ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একজন পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। ওসমান ফারুক প্রথম আলোকে অভিযোগ করে বলেন, পুলিশ শমসের মবিন চৌধুরীকে আটক করে নিয়ে গেছে। ওয়্যারলেস ও বাড্ডা লিংক রোড এলাকা থেকে ৩৪ নেতা-কর্মীর গ্রেপ্তারের খবর জানা গেছে। মির্জা আব্বাস আটক: মির্জা আব্বাসকে বেলা ১১টার দিকে আটক করা হয়। রাজধানীর শাজাহানপুরে তাঁর বাসার সামনে থেকে মিছিলে অংশ নেওয়ার সময় পল্টন থানার পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। মির্জা আব্বাসকে আটকের প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা ওই এলাকায় বিক্ষোভ ও মিছিল করে। শাজাহানপুর রেলওয়ে কলোনিতে পুলিশ ও র্যাবের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের পিছু হটিয়ে দেয়। পুলিশ-র্যাব শাজাহানপুর জামে মসজিদ এলাকা থেকে ছয়জনকে আটক করে।খালেদার দুই উপদেষ্টা আটক: হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টাকালে সকালে রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টাকে আটক করা হয়েছে। তেজগাঁও থানার পুলিশ জানায়, সকালে ফার্মগেট এলাকা থেকে অধ্যাপক আবদুল মান্নানকে এবং কারওয়ান বাজার থেকে আহমেদ আজম খানকে আটক করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা ৫ ছাত্রদল কর্মী আটক: হরতালের সপক্ষে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং করার চেষ্টাকালে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এঁরা হলেন—ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক গোলাম মওলা শাহীন, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং তিন কর্মী—আল আমিন, কাইয়ুম, আমিন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান ভূঁইয়া পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। কাপ্তানবাজার থেকে আটক আট: রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া আলমসহ আটজনকে আটক করেছে পুলিশ। বাকি সাতজন হলেন—সুরাইয়া, মুক্তা, ইরানী, বাশার, বাদল, আব্দুর রহিম ও লায়ন সোহাগ। যাত্রাবাড়ীতে তিনজন আটক: যাত্রাবাড়ীতে বিএনপির নেতা নবীউল্লাহ নবীর নেতৃত্বে একটি মিছিল বের করলে পুলিশ প্রথম দফায় বাধা দেয়। দ্বিতীয় দফায় মিছিল বের করতেও গেলে পুলিশের বাধার কারণে তারা মিছিল করতে পারেনি। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি দল বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তিন জামায়াত কর্মীকে আটক করে।শাহবাগে সংঘর্ষে এ্যানিসহ আহত ২৫, আটক ৭: হরতাল চলাকালে সকালে শাহবাগ এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া হরতাল সমর্থকদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে। কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ১০ জন ছাত্রদল কর্মী আহত হয়। এ সময় হরতাল সমর্থকেরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেয়। একজন কর্মচারী তাদেরকে ‘ধর’ বলে আওয়াজ করলে হরতাল সমর্থকেরা সেখানে ভাঙচুর শুরু করে। পরে আওয়ামী লীগ সমর্থক কর্মচারীরা একজোট হয়ে তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইডেন কলেজের ছাত্রদল নেত্রী পপিসহ ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ইডেন কলেজের আরেক নেত্রী মেধাসহ ছয়জনকে আটক করে।পরে দুপুর একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।রাজধানীতে মোট ৬০টি স্থানে দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে মিছিলের চেষ্টা করছে। বিপুলসংখ্যক নেতা-কর্মী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে, বিজয়নগর, মুক্তাঙ্গন, পল্টন, মগবাজার ও মৌচাকে অবস্থান করছে। এ ছাড়া মহাখালী, মিরপুর ১ নম্বর ও ১০ নম্বর গোলচক্কর, শ্যামলী, আদাবর, সায়েদাবাদ, গাবতলী, সদরঘাট টার্মিনাল ঘিরেও অবস্থান নেওয়ার চেষ্টা করছে বিএনপির নেতা-কর্মীরা।সংবাদমাধ্যম, অ্যাম্বুলেন্স, গ্যাস-বিদ্যুত্-পানিসহ জরুরি সেবাগুলো, লাশবাহী গাড়ি, জরুরি চিকিত্সাসেবা-সংক্রান্ত বিষয়গুলো হরতালের আওতামুক্ত আছে। গ্যাস, বিদ্যুত্ ও পানির সংকট; দখল, টেন্ডারবাজি, ছাত্রী লাঞ্ছনা, চাকরিচ্যুতি বন্ধ; ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিভাগকে দলীয়করণ এবং গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধসহ বিভিন্ন দাবিতে এ হরতাল ডাকা হয়। গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ থেকে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতাল কর্মসূচি ঘোষণা করেন।