হরতাল চলাকালে পাঁচ জেলায় সংঘর্ষে আহত ৫৯, আটক ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, হবিগঞ্জ, নারায়ণগঞ্জে ও ফরিদপুরে হরতাল সমর্থনকারী পিকেটারদের সঙ্গে আজ সোমবার পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। ঝিনাইদহে ছাত্রলীগ বিএনপির মিছিলে হামলা চালায়। এসব ঘটনায় ৫৯ জন আহত হয়েছে। পুলিশ ৩৪ জনকে আটক করেছে। রাজশাহী: রাজশাহীতে আজ হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ৩৬ নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ এ সময় ২৪ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটার দিকে নগরীর বিনোদপুর এলাকায় বিএনপি নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল ও বিএনপির ১২ কর্মীকে আটক করে। এ ঘটনায় ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরাফাত রেজাসহ ১০ জন আহত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগর বিএনপি মিছিল করে রাজশাহী কলেজ চত্বরে সমাবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনসহ বিএনপির ২০ জন নেতা-কর্মী আহত হন। বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হলে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে। বাগমারা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুরসহ ছয়জন আহত হন। এছাড়া রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার শেখ শরীফুল ইসলাম জানিয়েছেন। হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকায় পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে পিকেটারদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হয়েছে বলে হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিনূর রশীদ এমরান দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমকে আটক করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ: আজ সকালে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিপেটা করে। এতে ১০ জন আহত হয়। পরে নেতা-কর্মীরা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় কার্যালয়ে অবস্থান নিলে বিপুলসংখ্যক পুলিশ তাদেরকে অবরুদ্ধ করে রাখে। গতকাল রাতে ও আজ সকালে পুলিশ ছয়জনকে আটক করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মিছিল নিয়ে জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ: ঝিনাইদহে হরতাল চলাকালে সকালে বিএনপির মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামরা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ হামলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মজিদসহ ছয়জন আহত হন। এঁদের মধ্যে চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন আহত মজিদ জানান, তাঁদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। তিনি অভিযোগ করেন, পুলিশ এ সময় চুপ থেকে ছাত্রলীগকে উসকে দিয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা জোর করে দোকানপাট বন্ধ করার চেষ্টা করছিল। এ সময় তাঁর কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় মামলা করেনি। বিশৃঙ্খলা এড়াতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে। ফরিদপুর: ফরিদপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালে পিকেটিং করার সময় পুলিশ তিন ছাত্রদল নেতা-কর্মীকে আটক করেছে ।ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকাল পৌনে আটটার দিকে শহরের টেপাখোলা রেলগেট এলাকায় রিক্সা চলাচলে বাধা দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন (২৮), ছাত্রদল কর্মী সিদ্দিকুর রহমান (২০) ও ইলিয়াস খানকে (১৯) আটক করা হয়েছে।