হরতাল চলাকালে পুলিশ আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদককে আটক করেছে। তাঁর নাম আবু সাঈদ ভূঁইয়া। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন মার্কেটে ভাঙচুর করার অভিযোগে সাঈদকে আটক করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, শান্তিপূর্ণ হরতাল চলাকালে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মসূচিতে বাধা দিয়েছে। শুধু পুলিশ নয়, ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছাত্রদলের কর্মীদের মারধর করেছে। মারধরের পর ছাত্রদলের ওই নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে ফোরামের সদস্যরা দাবি করেন। তাঁরা অবিলম্বে ছাত্রদলের ওই নেতার মুক্তির দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়াসহ ১০-১২ জন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন বিশ্ববিদ্যালয় সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। পরে তাঁরা মার্কেটের কয়েকটি দোকানের জানালা-দরজার কাচ ভাঙচুর করেন। এ সময় দোকান মালিক ও কর্মচারীরা সম্মিলিতভাবে বিষয়টির প্রতিবাদ জানায়। ছাত্রদল নেতা-কর্মীরা এ সময় সেখান থেকে পালানোর চেষ্টা করেন। বাকিরা পালিয়ে গেলেও দোকান মালিক ও কর্মচারীরা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়াকে ধরেন। বিষয়টি জেনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ, আজগর আলীসহ ৩০-৪০ ছাত্রলীগের কর্মী সেখানে যান। তাঁরা ছাত্রদল নেতা আবু সাঈদকে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে মারধর করেন। পরে আহত সাঈদকে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ বলেন, ছাত্রলীগের কেউ তাকে মারধর করেনি। ক্ষুব্ধ দোকানমালিকরা ছাত্রদলের নেতাকে মারধর করেছেন বলে তিনি দাবি করেন।ছাত্রদলের সভাপতি জাকির হোসেন বলেন, মার্কেটের সামনে হরতালের পক্ষে মিছিল করার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ধাওয়া করে। এ সময় তারা সাঈদকে আটক করে মারধর করে।