হরতাল ঠেকাতে শ্রমিকদের আসতে বাধ্য করা হয়েছিল: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সাভারের রানা প্লাজায় যে ফাটল দেখা দিয়েছে, তা সবাই জানত। আগেই গণমাধ্যমে প্রচার করা হয়েছিল। প্রশ্ন হলো, কারা জোর করে ওই দিন পোশাকশ্রমিকদের রানা প্লাজায় ঢুকিয়েছিল?’ তিনি অভিযোগ করে বলেন, ‘সেদিন হরতাল ঠেকানোর জন্য তাঁদের আসতে বাধ্য করা হয়েছিল। কারখানায় না এলে বিএনপি-জামায়াত হিসেবে তাঁদের নাম লেখানো হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।’আজ শনিবার বিকেল তিনটার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। জাতীয় সংসদে রানা প্লাজার মালিক সোহেল রানার নাম যুবলীগ কমিটিতে নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে বিএনপির নেতা খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী জেনেশুনে এ কথা বলেছেন। এর মধ্য দিয়ে তিনি সোহেল রানাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এভাবে কল্পকাহিনি সৃষ্টি করা না হলে রানা পালাতে পারত না। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিলের মাধ্যমে রাজনীতিতেও সাভারের রানা প্লাজার মতো ফাটল ধরেছে। রানা প্লাজার ফাটলের মতো এটাকেও যদি সরকার তোয়াক্কা না করে, তাহলে রাজনীতিতেও বিপর্যয় নেমে আসবে। এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। রানা প্লাজার ভবনধসের ঘটনায় স্তম্ভ নাড়াচাড়া করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ‘এটা নিয়ে আমরা আর সমালোচনা করতে চাই না। তাঁদের লোকজনই বলছেন তিনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন।’ তিনি অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ইস্যুতে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে বেশি দিন পার পাবেন না।’ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও ১৮ দলের নেতারা বক্তব্য দেন। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা বলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি সাভারের যুবলীগের কমিটির নাম নিয়ে এসেছি। সেখানে রানার নাম নাই।’প্রধানমন্ত্রী বলেন, ‘রানা প্লাজা ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে নির্মিত হয়েছে। ক্ষমতায় এলে সবাই সরকারি দলের হয়ে যায়। কে কোন দলের, তা আমার কাছে বড় কথা না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সে যে দলেরই হোক, আমাদের দলের হলেও ছাড়ব না। দলের দোহাই দিয়ে কেউ পার পাবে না, এটা আমার কাছে স্পষ্ট। এই ভরসা যেন জনগণ আমাদের ওপর রাখে।’