হরতাল ডাকায় বিএনপির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকার জন্য প্রধান বিরোধী দল বিএনপির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নিলয়-নিটোল ও আইপিএসএসএলের প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি প্রশ্ন করেন, ‘বিএনপি কি সরকারের বিরুদ্ধে নাকি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষণা করে রায় দেওয়ায় আদালতের বিরুদ্ধে হরতাল ডেকেছে?’নিলয়-নিটোল গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ ও এফবিসিসিআইয়ের সহসভাপতি এম জসিম উদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায় মেনে চলা ছাড়া সরকারের কিছু করার নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে, যাতে করে তারা নির্বাচন ও অন্যান্য কর্মকাণ্ড স্বাধীনভাবে পরিচালনা করতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইলেকট্রনিক ভোটিংও চালু করা হবে বলে তিনি জানান।প্রতিনিধিদল বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে কৃষিজমি লিজ নিয়ে শস্য উৎপাদনে গভীর আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেবে। তিনি বলেন, বেসরকারি খাতের এ উদ্যোগ বাংলাদেশিদের জন্য বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।বৈঠকের শুরুতে প্রতিনিধিদলের সদস্যরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ আদালতের রায় মেনে চলার ব্যাপারে তাঁর সরকারের অবস্থানের জন্য ধন্যবাদ জানান।অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাসস।