হরতাল ডেকে আবার প্রত্যাহার করল ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার হরতাল কর্মসূচি ঘোষণার সাড়ে সাত ঘণ্টার মাথায় তা আবার প্রত্যাহার করে নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ঘূর্ণিঝড় মহাসেনের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানান। এর আগে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছিলেন তিনি।শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, উপকূলীয় এলাকার মানুষ ও আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে ১৮ দল জানতে পেরেছে ঘূর্ণিঝড় মহাসেন ভয়াবহ আকার ধারণ করছে। এ কারণে জোটনেত্রী খালেদা জিয়াহরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া দলের নেতা-কর্মীদের দুর্গত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শামসুজ্জামান বলেছিলেন, গতকাল বেলা তিনটায় নয়াপল্টনে ১৮ দলের সমাবেশ হওয়ার কথা ছিল। সরকার এ সমাবেশের অনুমতি দেয়নি। তাই সরকারের ‘অগণতান্ত্রিক’ কার্যকলাপের প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।বরকত উল্লা আবার গ্রেপ্তার: ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ বরকত উল্লাও। সাড়ে ১১টার দিকে তিনি দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে কী অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা গতকাল সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি ঢাকা মহানগর পুলিশ। এর আগে গত ১২ মার্চ বরকত উল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রায় ৪০ দিন জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। বরকত উল্লাকে গ্রেপ্তারের খবর জানার পর সংবাদ সম্মেলনে থাকা অন্য নেতারা আর কার্যালয় থেকে বের হননি। আর শামসুজ্জামান মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।বিএনপি কি নিষিদ্ধ দল: নির্দলীয় সরকারের বিষয়ে ক্ষমতাসীনদের অবস্থান পরিষ্কার করতে বেঁধে দেওয়া জোটের ৪৮ ঘণ্টা সময় প্রত্যাখ্যানের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮-দলীয় জোট গত সোমবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। ওই দিন পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ বুধবার করার ঘোষণা দেয়। এবারও পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ করতে পারেনি ১৮ দল।নিরাপত্তার অজুহাত দেখিয়ে সমাবেশ করতে না দেওয়ার সমালোচনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। তিনি সরকারের কাছে জানতে চান, ‘এই নিরাপত্তা কার? গণতন্ত্রের? দেশের না সরকারের?’ বিএনপি নিষিদ্ধ কোনো দল কি না, এর কেন্দ্রীয় কার্যালয়কে ‘সাবজেল’ ঘোষণা করা হয়েছে কি না, তা-ও তিনি জানতে চান।প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন বলে বন ও পরিবেশমন্ত্রীর দেওয়া বক্তব্যের রেশ ধরে শামসুজ্জামান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে একজন ব্যক্তির কথা বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন। সংকটটি সেই জায়গায়। তিনি পদত্যাগ করলে আমাদের আর হরতাল, অবরোধ এসব কিছু করা লাগবে না। একজন যদি না থাকেন, তাঁর অনুপস্থিতিতে কোনো সমস্যা, সংঘাত থাকবে না।’