হরতাল ডেকে মাঠে নেই ১৮ দলের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ডেকে মাঠে নেই বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। গতকাল রোববারের হরতালে রাজধানীতে বাধাহীনভাবে অনেক যানবাহন চলেছে। দলের কোনো শীর্ষস্থানীয় নেতাকে রাজপথে দেখা যায়নি। কর্মীদের মিছিলও চোখে পড়েনি।ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকা হয়েছিল। ঢাকার বাইরে থেকে হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেছেন, পুলিশ এখন অনেক বেশি ‘হিংস্র’। এ কারণে বিএনপি এখন ভিন্ন কৌশল অবলম্বন করেছে। তিনি আরও বলেন, তাঁরা গ্রেপ্তার হয়ে এখনই সব শক্তি ক্ষয় করতে চান না। এ জন্য রাজধানীতে পিকেটিং বা হরতালের সমর্থনে মিছিল তুলনামূলক কম। তাঁর দাবি, ঢাকার বাইরের চিত্র ভিন্ন।সকালে রাজধানীর কলেজগেট ও আদাবর এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমানবন্দর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। এ ছাড়া মিরপুরসহ কয়েকটি এলাকায় যানবাহন ভাঙচুরের চেষ্টা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন হরতাল-সমর্থকেরা।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়। সেখানে দলটির তেমন কোনো নেতা-কর্মীর উপস্থিতি ছিল না বললেই চলে। দিনভর কার্যালয়ের ভেতরে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান সহ কয়েকজন নেতা-কর্মী।হরতালে রাজধানীর জনজীবন অনেকটাই স্বাভাবিক ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। তবে দূরপাল্লার গাড়ি ছাড়েনি। লঞ্চ, রেল চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালত খোলা ছিল। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি।বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল সমাপনী সংবাদ সম্মেলনে জানানো হয়, হরতালে দল ও জোটের ১১১ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার-সমর্থিত লোকজনের হামলায় আহত হয়েছেন ২০১ জন। আর ভ্রাম্যমাণ আদালত দুজনকে শাস্তি দিয়েছেন।শিবিরের মুখপাত্র গ্রেপ্তার: ইসলামী ছাত্রশিবিরের মুখপাত্র ইয়াসিন আরাফাতসহ সংগঠনটির তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। হরতালের আগের দিন শনিবার রাতে রাজধানীর গোপীবাগের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি হাতবোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্যরা হচ্ছেন সংগঠনের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সদরুল ইসলাম ও কর্মী কামরুল ইসলাম। ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে অংশ নিয়ে সহিংসতা ও অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগে মামলা রয়েছে। আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র। গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট।দুজনের কারাদণ্ড: গতকাল সকাল সাতটার দিকে তেজগাঁও থানার পুলিশ পলাশ ও শফিক নামের দুই যুবককে চারটি ককটেলসহ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া শনিবার রাতে ১৭টি ককটেলসহ চারজনকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।