হরতাল ডেকে সন্ত্রাসকে জায়েজ করেছেন খালেদা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ফাঁসির রায়ের পর জামায়াত-শিবিরের সহিংসতায় পুলিশসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিহত হয়েছেন। এসব সন্ত্রাস প্রতিহত করতে গিয়ে যারা মারা গেছেন, তাঁরা গণহত্যার শিকার বলে খালেদা জিয়া মন্তব্য করেছেন। এ ছাড়া হরতাল ডেকে তাঁদের পক্ষ নিয়ে সন্ত্রাসকে জায়েজ করেছেন খালেদা জিয়া।আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে যুদ্ধাপরাধীদের দ্রুত ফাঁসি ও জামায়াত-শিবিরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা ওলামা লীগ আয়োজিত ওলামা সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জামায়াত ও বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছিলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই বেগম জিয়া চিকিত্সার নামে সিঙ্গাপুর গিয়েছিলেন। তাঁর ওই কথা আজ সত্যে পরিণত হয়েছে। কেন্দ্রীয় ওলামা লীগের সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান, আজমত উল্লাহ খান প্রমুখ।