হরতাল তুলে নিন, প্রস্তাব নিয়ে সংসদে আসুন: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকারের নতুন পদ্ধতির প্রস্তাব নিয়ে সংসদে আসার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার গণভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। তিনি হরতালের সমালোচনা করে বলেন, এতে জনদুর্ভোগ বাড়বে।তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হয়রানির কথা উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁদের হাতে এত লাঞ্ছিত হলেন, এত মামলা মোকদ্দমা খেলেন, আপনার ছেলেরা এত মার খেল, তার পরও তিনি সেই কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের জন্যই হরতাল ডাকলেন।’তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার প্রস্তাবের প্রতিবাদে এর আগে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রবি ও সোমবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ১১ মাস কারাগারে আটক থাকার পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা ছাড়া পান। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।