সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ নেতারা
হরতাল-দানবে পোশাকশিল্প ক্ষতবিক্ষত হচ্ছে
পোশাক ও বস্ত্রশিল্পের নেতারা উদ্বেগ জানিয়ে বলেছেন, ঘন ঘন হরতাল, সহিংসতা ও প্রাণহানিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতারা বিষয়গুলো নিয়ে ভাবছেন, আস্থা হারাচ্ছেন। তাঁরা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোতে পোশাক তৈরির কার্যাদেশ সরিয়ে নিচ্ছেন। পোশাক ও বস্ত্রশিল্পের নেতারা বলেন, হরতাল নামক বিশাল দানবের উপর্যুপরি আঘাতে ৩০ বছরে তিল তিল করে গড়া ওঠা তৈরি পোশাকশিল্প ক্ষতবিক্ষত হচ্ছে। একে গলা টিপে হত্যা করা হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের নেতারা চলমান হরতালের কারণে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) যৌথভাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।পরিসংখ্যান দিয়ে নেতারা বলেছেন, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে হরতালের কারণে ৩৯০ কোটি টাকার এয়ারফ্রেইট বাবদ লোকসান হয়েছে। তা ছাড়া এক দিনের হরতালে প্রায় ২০০ কোটি টাকার উত্পাদন ব্যাহত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সভাপতি মো. আতিকুল ইসলাম।বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমরা আর পারছি না। যত শিগগির সম্ভব আলোচনার মাধ্যমে সহিংসতার রাজনীতি থেকে আমাদের পরিত্রাণ দিন। আপনারা মানুষের কল্যাণে রাজনীতি করেন, দেশকে ভালোবাসেন। এমন কোনো কর্মসূচি দেবেন না, যাতে করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করুন।’বিটিএমএর সভাপতি জাহাঙ্গির আলামিন বলেন, ‘রাজনীতি ও অর্থনীতি পাশাপাশি চলতে হবে। এই দুটি কখনো একসঙ্গে মিশে গেলে দেশের সর্বনাশ হবে। সেটি রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে।’জাহাঙ্গির আলামিন আরও বলেন, ‘অর্থনীতিকে চাঙা রাখতে না পারলে কোনো সরকারই দেশকে ভালো রাখতে পারবে না।’ রাজনীতিবিদদের উদ্দেশ করে তিনি বলেন, ‘কীভাবে সমস্যার সমাধান করবেন সে বিষয়ে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমএর সহসভাপতি এস এম মান্নান, রিয়াজ-বিন-মাহমুদ ও মো. শহিদউল্লাহ আজিম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, আসলাম সানি প্রমুখ।