হরতাল দিয়ে দাবি আদায় হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন কোনো প্রস্তাব থাকলে বিরোধী দলকে সংসদেই তা উপস্থাপন করতে হবে। সংবিধান সংশোধনে গঠিত কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপিত হওয়ায় সরকার এ বিষয়ে সংসদ বা সংসদীয় কমিটির বাইরে বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য কোনো প্রস্তাব দেবে না। সরকারের একাধিক নীতিনির্ধারণী সূত্র এ তথ্য দিয়েছে।সূত্র জানায়, বিরোধী দলকে সংসদে নিতে দুই দলের হুইপ পর্যায়ে আলোচনার সম্ভাবনা থাকলেও সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হবে না। কৌশলগত কারণেই বিরোধী দলকে চিঠি বা প্রতিনিধিদল পাঠিয়ে সরকার আলোচনার প্রস্তাব দেবে না।সরকার মনে করে, হরতাল দিয়ে তারা দাবি আদায় করতে পারবে না। সমাধান চাইলে আলোচনায় আসতেই হবে। তা ছাড়া তত্ত্বাবধায়ক-ব্যবস্থা সরকার বাতিল করেনি। উচ্চ আদালতের রায়ে এ ব্যবস্থা বাতিল হওয়ায় নতুন উপায় বের করার জন্য আলোচনার বিকল্প নেই।কয়েক দিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করে বিরোধী দলকে আলোচনার আহ্বান জানাচ্ছেন।সরকারের নীতিনির্ধারকদের মতে, সংবিধান সংশোধন বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার জন্য বিশেষ কমিটি বিরোধী দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেও তা তারা শোনেনি। কমিটিতে বিরোধী দল প্রতিনিধিও পাঠায়নি। বিরোধী দলের এ রকম রাজনৈতিক অবস্থানের মধ্যে তাদের সংসদের বাইরে আলোচনার আমন্ত্রণ জানালে নানা রকম শর্ত জুড়ে দিতে পারে বলে সরকার মনে করছে। আর এসব শর্তও সরকারের পক্ষে মানা সম্ভব হবে না বলে জানিয়েছেন একাধিক মন্ত্রী।রোববারের সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, বিরোধী দল একেক সময় একেক রকম শর্ত দিচ্ছে। একবার বলছে, খালেদা জিয়ার বাড়ি ফিরিয়ে দিতে হবে। আবার বলছে, খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের দুর্নীতির মামলা প্রত্যাহার করতে হবে; যদিও এসব মামলা বর্তমান সরকার দেয়নি। তবে বিরোধীদলীয় নেত্রী সব রকম দাবি সংসদে এসে বলতে পারেন। সৈয়দ আশরাফ এও বলেন, হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টি ছাড়া বিরোধী দলের কিছু অর্জিত হবে না। আলোচনা ছাড়া চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।সরকার মনে করে, সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এখনো বিরোধী দলের আলোচনার সুযোগ আছে। কমিটির প্রতিবেদন বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিতে আছে। এ কমিটিতে বিরোধী দলের সদস্যরাও আছেন। স্বাভাবিকভাবেই বিরোধী দল স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করতে পারে। তাদের মতামতও দিতে পারবে। বিরোধী দল সংসদে না গেলেও স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছে। তা ছাড়া স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করার পর সেখানেও বিরোধী দলের আলোচনা ও প্রস্তাব দেওয়ার সুযোগ আছে।সরকারের একজন নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, সংসদের বাইরে বিরোধী দলের সঙ্গে আলোচনার সুযোগ নেই। সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন, বিএনপি সংসদে না এসে আন্দোলন করে রাজনৈতিকভাবে লাভবান হতে পারবে না। হরতালে তাদের নেতা-কর্মীদের মাঠে নামাতে পারেনি। জনমত গঠন না করেই বিরোধী দল হরতালের মতো আন্দোলনের শেষ অস্ত্র প্রয়োগ শুরু করেছে। সরকারের আড়াই বছরের মাথায় বিরোধী দলের এ রকম আচরণ জনগণ ভালোভাবে নেবে না। তা ছাড়া বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের চেয়েও তারেক রহমানকে নিয়ে আগ্রহ বেশি। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরেই বর্তমানে বিএনপির রাজনীতি। এই অবস্থায় আন্দোলন করে তারা বেশি দূর এগোতে পারবে না।এ প্রসঙ্গে আরেকজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, বিরোধী দল হরতাল দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে পারবে না। বিদ্যুৎ উৎপাদন, উড়ালসড়ক নির্মাণসহ সব ধরনের উন্নয়নকাজ হরতালের মধ্যেও এগিয়ে চলেছে।তবে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা মনে করেন, কৌশলে হলেও অন্তত আগামী এক-দেড় বছর বিরোধী দলকে আন্দোলনের বাইরে রাখা উচিত। এ সময়টা সরকার নির্বিঘ্নে চলতে পারলে উন্নয়নকাজ জনগণের কাছে দৃশ্যমান হবে। তখন বিরোধী দল আন্দোলন করলেও জনসমর্থন পাবে না।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করব, বিরোধী দল হরতালের পথ ছেড়ে আলোচনায় আসবে এবং সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে। জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি দিয়ে তারা রাজনৈতিকভাবে লাভবান হতে পারবে না।’