হরতাল দিয়ে নির্বাচনী ওয়াদা ভঙ্গ করল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব সমস্যার কথা বলে বিএনপি হরতাল ডেকেছে, সেগুলো চারদলীয় জোট সরকারের সময়েই সৃষ্টি বলে দাবি করেছে আওয়ামী লীগ। ক্ষমতায় থাকাকালে বিএনপি বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি, গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে পারেনি। হরতালকে সামনে রেখে সংবাদ সম্মেলন করে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দেওয়া বক্তব্য সম্পর্কে এভাবেই আওয়ামী লীগের নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।সরকারকে আরও সময়-সুযোগ দেওয়া সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে আওয়ামী লীগের নেতারা বলেন, জনগণ পাঁচ বছরের জন্য আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিএনপি নানা ষড়যন্ত্র করছে। তার পরও বর্তমান সরকার আগের সরকারগুলোর রেখে যাওয়া সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছে। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী রেখে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং খালেদা জিয়া বর্তমান সরকারকে সময় দেওয়া বা নেওয়ার কেউ নন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে প্রথম আলোকে বলেন, তাঁর নির্বাচনী ওয়াদা ছিল হরতাল না করার। কিন্তু এখন তিনি ওয়াদা খেলাপ করে হরতাল ডেকেছেন। যেসব সমস্যার কথা তিনি বলছেন, সেগুলো তাঁর সৃষ্টি। বর্তমান সরকার সেসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া গত পাঁচ বছর এত দুর্নীতি ও লুটপাট করেছেন যে জনগণ তাঁদের মাত্র ৩০টি আসন দিয়েছে। সুতরাং জনগণ জানে কারা জালেম। তিনি বলেন, মূলত খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতেই হরতাল ডেকেছেন। আওয়ামী লীগ ও সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, হরতালে দল বা সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।