হরতাল দিয়ে মানুষ হত্যা করছে বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগ কোনো দলের নয়। হরতাল দিয়ে বিএনপি-জামায়াত মানুষ ও পুলিশ হত্যা করছে, রেলে আগুন দিচ্ছে।গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, সরকার ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সব বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিচলিত নন। তিনি সত্যের পথে আছেন। সত্যের জয় হবেই।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, শাহবাগের আন্দোলনকারীরা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছে, তা যুক্তিসংগত। কিন্তু সরকার আইন ও সংবিধানের কাছে দায়বদ্ধ। তাই জামায়াতকে নিষিদ্ধ করতে চাইলে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন হয়েছে। আইনে আছে যুদ্ধাপরাধের সঙ্গে কোনো দল জড়িত থাকলে তার বিচার হবে। বিচারে প্রমাণ হলে ওই দলকে নিষিদ্ধ করা যাবে।জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় হেফাজতে ইসলামের সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে নারীনীতি ও শিক্ষানীতি বাতিলের দাবি দিয়েছেন। হেফাজত সরকারের বিরোধিতা করছে না কিন্তু সরকারের সাফল্য এসব নীতি বাতিলের দাবি জানাচ্ছে। তাই হেফাজতে ইসলাম এখন হেফাজতে জামায়াতে ইসলামে পরিণত হয়েছে।জনাব মেনন বলেন, খালেদা জিয়া নির্বাচন চান না। তাই তিনি সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সেনাবাহিনী অভিজ্ঞতা ও মানুষের বিশ্বাস অনুযায়ী দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে।জাসদের সাংসদ মঈনুদ্দীন খান বাদল দাবি করেন, হেফাজতের বড় হুজুরের (আল্লামা শাহ আহমদ শফি) আশপাশে পাঁচজন ‘জাহাঁবাজ’ রাজনৈতিক লোক আছেন। তিনি বলেন, ‘বড় হুজুরকে বিনয়ের সঙ্গে বলব, ৬ তারিখ মিছিল করুন। কিন্তু ৫ তারিখ ঘোষণা দিন আপনি যুদ্ধাপরাধীদের বিচার চান কি না। ইসলামের আইনে যুদ্ধাপরাধীরা গুরুতর অপরাধী। আপনার কোনো কর্মসূচি যেন তাঁদের সঙ্গে জড়িয়ে না যায়।’সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এতে আরও বক্তব্য দেন দিলীপ বড়ুয়া, মোশাররফ হোসেন, নুরুল ইসলাম, সাইফুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম প্রমুখ।