হরতাল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতি কমাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। তাঁরা বলেছেন, হরতাল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতি কমাবে। যেসব দেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা রয়েছে, দেশের পণ্যের বাজার সেই সব দেশের হাতে চলে যাবে। যেমন করেই হোক, দেশের এই অবস্থা এড়াতে হবে।ব্যবসায়ী নেতারা দেশের সব রাজনৈতিক দলকে ধ্বংসাত্মক ও উৎপাদনবিরোধী রাজনীতি থেকে দূরে থাকার আবেদন জানিয়ে বলেন, জাতির জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের স্বার্থরক্ষা, দারিদ্র্যমুক্তি এবং সবার কর্মসংস্থানের জন্য রাজনীতিবিদদের ইতিবাচক ভূমিকা।ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতৃত্বে মোট ১২৭টি ব্যবসায়ী সংগঠনের নেতারা গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠছে এবং বাংলাদেশের অর্থনীতি উচ্চ প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব ধরনের ইতিবাচক লক্ষণ প্রদর্শন করছে। এ সময়ে নীতির ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সাংঘর্ষিক রাজনীতি উন্নয়নের পথে হুমকি হয়ে দেখা দিচ্ছে এবং এ কারণে দেশের ব্যবসায়ী সম্প্রদায় উদ্বিগ্ন।ব্যবসায়ী নেতারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ঘন ঘন হরতাল আহ্বান সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা এনে দিয়েছে। মাত্র কয়েক বছর আগের ঘন ঘন লাগাতার হরতালের কারণে দেশের অর্থনীতির অচলাবস্থার সেই হতাশাব্যঞ্জক দিনগুলোর কথা ব্যবসায়ী মহল এখনো মনে রেখেছে।ব্যবসায়ী নেতারা আরও বলেন, দেশের রাজনীতিবিদদের মনে রাখা উচিত, অদূর ভবিষ্যতে মধ্য আয়ের দেশ হওয়া কোনো বিশেষ দলের নির্বাচনী ঘোষণায় সীমাবদ্ধ নয়, বরং তা একটি অভিন্ন জাতীয় লক্ষ্য। একইভাবে দারিদ্র্যমুক্তির কর্মসূচিগুলো জাতীয় কর্মসূচি, কোনো বিশেষ দলীয় সরকারের কর্মসূচি নয়। রাজনীতিতে মতামতের পার্থক্য থাকবেই। কিন্তু সেই মতপার্থক্য সাধারণ মানুষের জীবিকা ও জীবনকে যেন জিম্মি করতে না পারে।বিবৃতিতে আরও বলা হয়, সর্বাঙ্গীন ও সুষম আর্থসামাজিক উন্নয়নের জন্য গণতন্ত্রচর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য নিরসনের জন্য ধ্বংসাত্মক হরতাল ও হানাহানির পথ নয়, বরং সর্বজনগ্রাহ্য গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। পারস্পরিক সহিষ্ণুতা এবং আলোচনার মাধ্যমে সরকারি ও বিরোধী দল জনবান্ধব ও ব্যবসাবান্ধব রাজনীতির পথ উন্মুক্ত করবে বলেই ব্যবসায়ী সমাজ মনে করে।বিবৃতিতে স্বাক্ষর করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী, ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, বিজিএমইএর সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমীর হোসেন খান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মুরশেদ মুরাদ ইব্রাহিম, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, টাঙ্গাইল চেম্বারের সভাপতি আবুল কাশেম আহমেদ, বগুড়া চেম্বারের সভাপতি মো. মমতাজ উদ্দিন, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান, রংপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হোসেন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি এ টি এম ওয়াজিউল্ল্যাহ প্রমুখ। বিবৃতিতে এফবিসিসিআই ছাড়া দেশের ৫৩টি চেম্বার ও ৭৩টি অ্যাসোসিয়েশনের (সমিতি) নেতারা সই করেছেন।