হরতাল প্রতিবাদের ভাষা এবং গণতান্ত্রিক উপায় হলেও যখন-তখন সামান্য কারণে, দলীয় স্বার্থে হরতাল ডাকা ক্ষতিকর প্রবণতা। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই ক্ষমতায় থাকলে হরতালের বিরোধিতা করে এবং প্রতিরোধেরও চেষ্টা করে। তারা বিরোধী দলে গেলে হরতাল করবে না বলে অঙ্গীকার করলেও নির্বাচনে পরাজিত হলে তা তারা রক্ষা করে না। এই শপথ ভাঙা দেশবাসীর সঙ্গে স্রেফ প্রতারণা।স্বৈরশাসনের পতনের পর বিএনপির প্রথম পাঁচ বছরে আওয়ামী লীগ বহু হরতাল করেছে। কয়েক দিন টানা হরতালও হয়েছে। আওয়ামী লীগের প্রথম সরকারের সময় বিএনপি-জামায়াত একই রকম হরতাল করেছে। জোট সরকারের পাঁচটি বছর হরতালে জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। শেষ দুই বছরে ছিল অসহনীয় অবরোধ ও হরতাল। জনগণ তা থেকে মুক্তি চেয়েছিল।দুই দলের কট্টরপন্থীরা ছাড়া কোনো মানুষই হরতাল পছন্দ করে না। যারা হরতাল ডাকে, তারাও জানে হরতাল দিয়ে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। তার পরও তারা জিদের বশবর্তী হয়ে হরতাল ডাকে। এ যেন জনগণকে অসুবিধায় ফেলে নিজেদের ঘরে বসে সুখ উপভোগ করা। প্রধান দলের নেতাদের উপলব্ধি করতে হবে, তাঁদের ওপর দেশের মানুষের আস্থা রয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পবিত্র দায়িত্ব তাঁদের ওপর বর্তানো হয়েছে। কিন্তু হিংসা-প্রতিহিংসা, ব্যক্তিগত স্বার্থ, পরস্পরের প্রতি দোষারূপ করে তাঁরা তাঁদের নৈতিক কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছেন। হরতাল-অবরোধ করে তাঁরা তাঁদের দায়িত্ব শেষ করতে পারেন না। তাতে গণতন্ত্র বিঘ্নিত হবে এবং জাতি তাঁদের ক্ষমা করবে না।প্রয়োজনে কখনো কখনো অবশ্যই হরতাল হবে। কিন্তু অকারণে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো তৎপরতা জনগণ ঘৃণা করে। বিষয়টি ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়কেই উপলব্ধি করতে হবে। নেতাদের হঠকারিতায় গণতন্ত্রকে বলি দেওয়া যায় না।