হরতাল না দেওয়ার প্রতিশ্রুতি দিতে দুই নেত্রীর প্রতি আহ্বান
ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ হরতাল কর্মসূচি না দেওয়ার বিষয়ে জাতিকে প্রতিশ্রুতি দিতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘শিপ ব্রেকিং অ্যান্ড শিপ রিসাইক্লিং রুলস-২০১১’-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ কে আজাদ বলেন, হরতাল সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। হরতালের কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হলে তাঁরা জানতে চেয়েছিলেন, ‘হরতাল জিনিসটা কী?’ জবাবে তিনি বলেছিলেন, এটা এমন একটি দিন, যে দিন কোনো কাজ হয় না; কিন্তু তার পরও সরকারকে অর্থ দিতে হয়। তখন জাপানের পক্ষ থেকে বলা হয়, তাহলে বিনিয়োগের জন্য নেপাল-ভুটানই ভালো। এ কে আজাদ মুক্তভাবে ব্যবসা করার সুযোগ চান। এ ব্যাপারে তিনি সরকার-বিরোধী দলের সদস্যদের কাছে জবাবদিহিও দাবি করেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢাকা দুই ভাগ হয়ে গেছে—এর প্রতিবাদ করতে সংসদে যান, রোডমার্চ করুন। হরতাল দিলে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হন না। বিনিয়োগকারীরাও মুখ ফিরিয়ে নেন। ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার সমালোচনা করে এ কে আজাদ বলেন, সরকার এ পর্যন্ত ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। সরকার যদি সব ঋণ নেয় তাহলে ব্যবসায়ীরা ঋণ নেবেন কোথা থেকে?