হরতাল নিয়ে সংকটে ধর্মভিত্তিক ১২ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দলগুলোর ভেতরে তাদের ডাকা হরতাল কর্মসূচি নিয়ে সংকট দেখা দিয়েছে। হরতাল আহ্বানের কৃতিত্ব নেওয়া, তা দেখিয়ে বিএনপি-জামায়াত জোটের কাছে গুরুত্ব বাড়ানো, পারস্পরিক অবিশ্বাস এবং আগামী নির্বাচন ঐক্যভাবে করা নিয়ে এই সংকট সৃষ্টি হয়েছে।জানা গেছে, সম্প্রতি গড়ে ওঠা ধর্মভিত্তিক ১২ দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে দাঁড়ানোয় এই সংকট প্রকাশ পেয়েছে। তবে এই ভাঙনের পর গতকাল আরও নয়টি ধর্মভিত্তিক সংগঠনকে জোটে অন্তর্ভুক্ত করেছে তারা। তবে এসব সংগঠনের অধিকাংশই নামসর্বস্ব। রাজনৈতিক সংগঠন নয় বলে নির্বাচন কমিশনে এদের কোনো নিবন্ধন নেই।গত বৃহস্পতিবার ইসলামী আন্দোলন এককভাবে ১০ জুলাই হরতাল কর্মসূচি দেয়। এতে ১২টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা কিছুটা অসন্তুষ্ট হন। তাঁরা একসঙ্গে কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। তাই ওই দিনই ১২ সংগঠন পৃথকভাবে ১০ ও ১১ জুলাই টানা ৩০ ঘণ্টার হরতাল ঘোষণা করে। গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হওয়ার দিনই ইসলামী আন্দোলনসহ ১২টি ধর্মভিত্তিক দল ও সংগঠন ওই কর্মসূচি ঘোষণা করে।গতকাল ১২ দলের সভা হয়েছে। তারা সংবাদ সম্মেলনও করেছে। কিন্তু সেখানে ইসলামী আন্দোলনের কোনো নেতা উপস্থিত ছিলেন না। জামায়াতে ইসলামীর পর ইসলামী আন্দোলনকে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে সংগঠিত শক্তি মনে করা হয়। চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম দলটির আমির।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার দুপুরে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন মুঠোফোনে ১২ দলের নেতা হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেন। আপত্তি জানানোর পরও তাঁরা কেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমাদের নাম ১২ দলের সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছেন, তা জানতে চান তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেখানে উপস্থিত ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন এ সময় বেলায়েত হোসেনকে নিবৃত্ত করার চেষ্টা করেন। দলের মহাসচিব ইউনূছ আহমাদও তখন উপস্থিত ছিলেন। এ নিয়ে উভয় সংগঠনের মধ্যে মনোমালিন্য চলছে।এ বিষয়ে জানতে চাইলে ইউনূছ আহমাদ প্রথম আলোকে বলেন, ‘নতুন এই জোটটি বিএনপির মিত্র হিসেবে কাজ করছে বলে পত্রপত্রিকায় খবর বের হয়েছে। এ জন্য আমরা তাদের সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানোর ব্যাপারে জানতে চাইলে খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান প্রথম আলোকে বলেন, ‘আমি যতটুকু বুঝেছি, ওরা আসলে একলা চলো নীতিতে বিশ্বাসী।’জোটের আরেকটি শরিক দলের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ইসলামী আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে, এটা সবাই জানে। এ কারণেই তারা সরকারের খুব ক্ষতি হয় এমন কর্মসূচিতে যেতে চায় না।’ কৃতিত্বের লড়াই ও পরস্পর সন্দেহ: আন্দোলন কর্মসূচি নিয়ে ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলোর মধ্যে কৃতিত্বের লড়াইও আছে। ইসলামী আন্দোলন ১২ দল থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার পেছনে এটিও একটি কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ১২ দলের একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘আমরা হরতাল কর্মসূচি দেওয়ার বিষয়ে চরমোনাই পীরসহ সব দলের সঙ্গে কথা বলে সম্মতি নিয়েছি। কিন্তু উনারা কৃতিত্ব নিতে ১০ জুলাই এককভাবে হরতাল ডেকে দেন।’এ বিষয়ে খেলাফত মজলিসের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, ‘আমরা চরমোনাই পীরকে অনুরোধ করেছিলাম, হরতাল ঘোষণা না দিয়ে হুমকি দিতে যে সরকার সংবিধান সংশোধন বিল প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেব। কিন্তু তিনি হরতালের ঘোষণা দিয়ে দিলেন।’সূত্র বলছে, এ ঘটনায় ১২ দল জেদ করে আরও ছয় ঘণ্টা বাড়িয়ে ৩০ ঘণ্টার হরতাল দেয়।হঠাৎ কেন ধর্মীয় সংগঠনের নতুন জোট তৈরি হলো জানতে চাইলে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘এটা সুযোগের সদ্ব্যবহার। খুচরা দল ঐক্যবদ্ধ হলে, যুগপৎ আন্দোলনে যুক্ত হলে ভবিষ্যতে হয়তো বেচাকেনার সুযোগ হবে। এ জন্যই এসব হচ্ছে।’ এসব কারণে ইসলামী আন্দোলনের ১০ জুলাই ও ১২ ধর্মভিত্তিক দলের ৩০ ঘণ্টার হরতালে এখনো সমর্থন জানায়নি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট; বরং এসব দলের কারও কারও প্রতি তাঁর সন্দেহ আছে।১০ ও ১১ জুলাইয়ের হরতালে তাঁর সমর্থন আছে কি না জানতে চাইলে আমিনী ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এরা শেষ পর্যন্ত হরতাল করে কি না, সেটাও প্রশ্ন। দেখেননি, পূর্ণ দিবস হরতাল ডেকে পরে আধা দিন করল।’৩ জুলাই ঢাকায় ইসলামী আন্দোলন পূর্ণ দিবস হরতাল ঘোষণা করে। পরে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসবের জন্য তারা হরতাল অর্ধদিবসে নামিয়ে আনে। এ বিষয়ে আমিনীর মন্তব্য, ‘যারা এসবের হিসাব রাখে না, তাদের রাজনীতি করারই দরকার কী?’লক্ষ্য নির্বাচনী জোট গঠন: ১২ সংগঠনের নেতাদের দাবি, ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার পর গতকাল আরও নয়টি সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এ জোটের শরিকের সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে। চলমান ধর্মীয় ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ার পর একটি নির্বাচনী জোট গঠন করা তাদের লক্ষ্য বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। যদিও এদের মধ্যে অধিকাংশই নামসর্বস্ব সংগঠন, রাজনৈতিক দল নয়।তবে এই জোট স্বতন্ত্রভাবে, না আওয়ামী লীগ অথবা বিএনপির নেতৃত্বাধীন জোটের হয়ে কাজ করবে, তা এখনো পরিষ্কার নয়। এ নিয়ে পরস্পরের মধ্যে সন্দেহও আছে। ইসলামী আন্দোলনের সন্দেহ এ জোট বিএনপির মিত্র হিসেবে কাজ করতে পারে। আবার মুফতি আমিনীর সন্দেহ, নতুন জোটটি আওয়ামী লীগের হয়ে ফাঁদ পেতেছে।নতুন জোটের ব্যাপারে জানতে চাইলে জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী বলেন, ‘এটা ঐক্যেরই একটি প্রক্রিয়া। এর মাধ্যমে আমরা কাছাকাছি এসেছি।’ এই ঐক্য নির্বাচন পর্যন্ত গড়াবে কি না প্রশ্ন করলে ইউসুফী বলেন, ‘সবকিছু এখনই বলতে চাই না।’জানতে চাইলে জাফরুল্লাহ খান প্রথম আলোকে বলেন, ‘আপাতত আমরা ধর্মীয় বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি। যদি এই ঐক্য বজায় থাকে এবং আরও সামনে অগ্রসর হওয়ার মানসিকতা থাকে, তখন এ বিষয়ে আমরা চিন্তা করব।’সূত্র জানায়, এদের মধ্যে একটি দলের নেতারা সম্প্রতি মুফতি আমিনীর সঙ্গে দেখা করে তাঁর ইসলামী ঐক্যজোটের সঙ্গে আন্দোলন করার আগ্রহ জানান। আমিনী তাঁদের কাছে জানতে চান, নির্বাচনের সময় কী করবেন? আলাদা জোট করার কথা জানালে আমিনী বলেন, ‘তাহলে আমি আপনাদের সঙ্গে নাই।’১২ দলের হরতালে সমর্থন আছে কি না, গত সোমবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেছিলেন, ‘এদের কারও কারও ব্যাপারে আমার সন্দেহ আছে। যখনই ইসলামি দলগুলো কোনো বিষয়ে কর্মসূচি দেয়, তখন কেউ কেউ তৃতীয় শক্তি দাঁড় করানোর চেষ্টা করে। তৃতীয় শক্তি মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। আমার সন্দেহ হয়, তারা সেই ফাঁদে পা দিয়েছে কি না।’এরশাদের সঙ্গে যোগাযোগ: মহাজোট ও চারদলীয় জোটের বাইরে তৃতীয় আরেকটি পক্ষও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। সূত্রের দাবি, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ এসব দলের সমন্বয়ে একটি নির্বাচনী জোট গঠন করার চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশ খেলাফত মজলিস বেশ কিছু দিন থেকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সংগঠন ও সমমনা গোষ্ঠীদের নিয়ে একটি জোট গঠন করতে তৎপরতা চালাচ্ছে। এ প্রয়াসের সঙ্গেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন সম্পৃক্ত আছে বলে জানা গেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন শায়খুল হাদিস আজিজুল হক। বিগত জোট সরকারের শেষ দিকে মতবিরোধ দেখা দিলে চার দল থেকে বেরিয়ে আসেন তিনি। পরে পাঁচ দফার ভিত্তিতে দলটি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে মহাজোটে শরিক হয়। নানা পক্ষের বিরোধিতার মুখে আওয়ামী লীগ ওই চুক্তি বাতিল করলে দলটি মিত্রহারা হয়ে পড়ে।২০০১ সালের নির্বাচনে ইসলামী আন্দোলন (সাবেক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) এরশাদের সঙ্গে ‘ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠন করে অংশ নিয়েছিল।জানতে চাইলে দলের মহাসচিব ইউনূছ আহমাদ বলেন, ‘কেউ যদি ইসলামী আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সঙ্গে আসতে চায়, তাদের নিয়ে জোট হতে পারে।’এরশাদের সঙ্গে জোট গঠনের বিষয়ে জিজ্ঞেস করলে জাফরুল্লাহ খান দলের আমির আহমদুল্লাহ আশরাফের নাম উল্লেখ করে বলেন, ‘আমি যতটুক জানি, এরশাদ সাহেবের সঙ্গে কোনো এক অনুষ্ঠানে উনার দেখা হয়েছে। সেখানে এরশাদ সাহেব বলেছেন, “আপনার সঙ্গে আমি কথা বলব”, এটুকুই। এরপর আর কথা হয়নি।’