হরতাল-পূর্ব ভাঙচুর, আগুন, যানবাহনের সংকটে নগরবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের হরতালকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেল থেকেই রাজধানীতে পরিবহন-সংকট দেখা দেয়। ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জন্য পথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠেছেন। পরিবহনশ্রমিক, যাত্রী ও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকদের ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে রাস্তায় যানবাহন কমে যায়। সন্ধ্যার দিকে রাস্তা প্রায় ফাঁকা হয়ে যায়। গতকাল বিকেলে ফার্মগেটে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার লোক বাসের জন্য অপেক্ষা করছে। দীর্ঘক্ষণ পর পর একটা বাস এলেই কয়েক শ লোক ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু ভেতরে তিলধারণের জায়গা না থাকায় উঠতে পারছে না। একই অবস্থা দেখা গেছে রাজধানীর অন্য স্থানেও।বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিউবার্ড রোজারিও বলেন, তাঁর ক্লাস সন্ধ্যা সাড়ে ছয়টায়। এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাকলী যাওয়ার বাসে উঠতে পারেননি। ফার্মগেটে হিউবার্ডের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখনই একটি বাস আসে (রুট-৩)। কিন্তু ওই বাসের গেটে আগে থেকেই ঝুলছিল অনেক যাত্রী। তাই ফার্মগেট থেকে কেউ উঠতে পারেনি। দু-একজনকে ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে। বেলাল এন্টারপ্রাইজ, ঢাকা পরিবহনসহ একাধিক কোম্পানির বাসের কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেল চারটার মধ্যে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফার্মগেটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) টিকিট কাউন্টার খোলা পাওয়া যায়। কিন্তু টিকিট বিক্রেতা খোন্দকার আজিমুজ্জামান জানান, এক ঘণ্টা ধরে তাঁদের কোনো বাস আসছে না। কখন বাস আসবে, তা তিনিও জানেন না। বিআরটিসির বাসে মানিকগঞ্জ যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন মোস্তাফিজুর রহমান। বাসের জন্য অপেক্ষা করতে করতে টিকিট ফেরত দিয়ে দেন। তিনি বলেন, ‘দিশেহারা অবস্থায় পড়েছি। এত দূর হেঁটে যাওয়া সম্ভব নয়। সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিও নেই। কখন পৌঁছাব জানতে বারবার বাড়ি থেকে ফোন আসছে।’লাবণী বেগম বিকেল সাড়ে পাঁচটায় পান্থপথে মায়ের বাসা থেকে বের হয়েছিলেন। যাবেন উত্তরার আজমপুরে নিজ বাসায়। সন্ধ্যা সাড়ে ছয়টায়ও তিনি বাস পাননি। লাবণী বলেন, দীর্ঘক্ষণ পরপর বাস এলে পুরুষ যাত্রীরা অনেকে ছাদে উঠছে। কয়েকবার ঠেলাঠেলি করেও উঠতে পারেননি তিনি। তিনি জানান, ছোট ছেলেমেয়ে বাসায় রেখে এসেছেন। তাই যত রাতই হোক, বাসায় যেতে হবে। তৈরি পোশাক কারখানার কর্মকর্তা আমিনুর রশিদ জানান, তিনিসহ প্রায় ২০০ যাত্রী টিকিট কেটে সাইনবোর্ড এলাকায় এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। কয়েকটি বাস স্ট্যান্ডে থাকা সত্ত্বেও অনাবিল পরিবহনের কর্মীরা চালাতে ভয় পাচ্ছিলেন। পরে সব যাত্রীর অনুরোধে বাস চালানো হয়। তিনি বলেন, সাইনবোর্ড থেকে নর্দ্দায় ২৩ টাকার ভাড়া হয়ে গেছে ৩৫ টাকা। বাড়তি ভাড়া দিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে গতকাল রাতে মুঠোফোনে বলেন, বাস পোড়ানোর কারণে ভয়ে অনেক মালিক গতকাল বিকেলে বাস বন্ধ করে দিয়েছেন। তবে তিনি জানান, গতকাল বাসমালিকদের বৈঠকে হরতাল প্রত্যাখ্যান করে আজ রোববার বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। হরতালে নির্বিঘ্নে বাস চালাতে সরকারের সহায়তা চাওয়া হয়েছে বৈঠক থেকে।