হরতাল প্রতিহত করবে শাহবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আজ বৃহস্পতিবার হরতালবিরোধী মিছিল করেছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা।আজ বেলা ১১টার দিকে প্রজন্ম চত্বর থেকে বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও কয়েক হাজার সাধারণ মানুষ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি ও হরতালের বিরুদ্ধে মিছিল করে। মিছিলটি শাহবাগ থেকে মত্স্য ভবন, প্রেসক্লাব, পল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও বাংলামোটর হয়ে আবার শাহবাগে ফিরে আসে। এ সময় ওই সব এলাকার সাধারণ জনগণ মিছিলকারীদের হাততালি ও স্লোগান দিয়ে উত্সাহ দেয়। এর আগে মিছিলের একটা অংশ পল্টন থেকে আবার শাহবাগে ফিরে আসে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের তারিখ ঘোষণার পরই গতকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত। এদিকে, গতকাল বিকেলে মতিঝিলের শাপলা চত্বরে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যানের ডাক দেওয়া হয়।শাহবাগের প্রজন্ম চত্বরে আজ সকাল ছয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই কর্মসূচিতে যোগ দিতে মানুষ আসছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসিসহ হরতালবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠছে প্রজন্ম চত্বর। এখান থেকেই আজ বেলা ১১টায় হরতালবিরোধী মিছিল শুরু হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় প্রত্যাখ্যান করে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে ওই দিন বিকেলে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ। আজ বৃহস্পতিবার সেই আন্দোলনের ২৪তম দিন। এই আন্দোলন থেকে সবাই হাত তুলে মানবতাবিরোধী অপরাধীদের প্রতিহত করার শপথ নেন।