হরতাল প্রতিহত করার ঘোষণা গণজাগরণ মঞ্চের
হেফাজতে ইসলামের ডাকা আগামী সোমবারের হরতাল প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। ওই দিন সবাইকে জাতীয় পতাকা হাতে নিয়ে হরতালবিরোধী মিছিল করে যার যার এলাকায় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে ৮ এপ্রিল পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণাও দেওয়া হয়। গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার এই আহ্বান জানান। এ সময় গণজাগরণ মঞ্চে উপস্থিত সবাই ‘হরতাল মানি না’, ‘হরতাল মানি না’ বলে স্লোগান দেন। এ ছাড়া ৯ এপ্রিল সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার সব কার্যক্রম এই ধর্মঘটের আওতামুক্ত থাকবে। ১০ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘণ্টা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেশের সব স্থানের মানুষকে এ সময়ে নিজ নিজ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা গণ-অবস্থান করার আহ্বান জানানো হয়। এ ছাড়া ১৪ এপ্রিল পয়লা বৈশাখ সামনে রেখে গণজাগরণ মঞ্চের সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বেলা চারটায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।এর আগে গতকাল হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের প্রতিবাদে ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সকাল থেকেই মুখরিত ছিল গণজাগরণ মঞ্চ। সকাল থেকে রাত অবধি সেখানে চলেছে অগ্নিঝরা স্লোগান ও বক্তৃতা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী শাহবাগে নিয়েছেন প্রতিবাদী অবস্থান। সকাল থেকে দুপুর অবধি শান্তিপূর্ণভাবে স্লোগান ও বক্তৃতায় সমাবেশ চললেও বেলা তিনটার পর থেকে হামলার চেষ্টা হলে সমাবেশস্থলে উত্তেজনা তৈরি হয়। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাগরণ মঞ্চ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করেন। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে। বিকেলে জাগরণ মঞ্চের নেতারা বক্তব্য দেন। তাঁরা জাগরণ মঞ্চে অবস্থান চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। মঞ্চে দেওয়া বক্তব্যে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সরকার হেফাজতে ইসলামকে যে প্রশ্রয় দিচ্ছে, তা বাংলার মানুষ মনে রাখবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘দুধ দিয়ে আপনারা সাপ পুষছেন।’ এ সময় সমাবেশে সংহতি প্রকাশ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির একাত্তরের যুদ্ধাপরাধ এবং জঙ্গিবাদের সঙ্গে হেফাজত নেতাদের সংশ্লিষ্টতা তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিশন করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, শাপলা চত্বরে সমাবেশে মাদ্রাসার ছাত্রদের নিয়ে আসা হয়েছে। গ্রামের গরিব মানুষের সন্তানেরা মাদ্রাসায় পড়ে। সেই মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ঢাকায় এসে সমাবেশ করার সামর্থ্য নেই। বিএনপি-জামায়াতের অর্থে এবং সহায়তায় এই সমাবেশ হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারিক, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবদুর রউফ প্রমুখ বক্তব্য দেন।এর আগে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল হরতালের সমর্থনে সকাল পৌনে ১০টায় জাতীয় পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, কাজী ফারুকসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। পরে তাঁরা মৎস্য ভবন এলাকায় অবস্থান নেন। এরপর তাঁরা সেখানে সমাবেশ করেন। সেখানে গণসংগীত ও কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মীরা। সমাবেশে রামেন্দু মজুমদার বলেন, স্বাধীনতার পর প্রতিটি সরকারের উদাসীনতায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী ডালপালা মেলে বড় হয়েছে। তিনি বলেন, ‘আপনারা যদি ওদের হিসাব করেন, জেনে রাখেন, এই মৌলবাদী গোষ্ঠী আপনাদের কখনো ভোট দেবে না। স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া ব্লগাররা আপনাদের শক্তি।’