উত্তরায় গণজাগরণ মঞ্চের সমাবেশ
হরতাল প্রত্যাখ্যান করে চট্টগ্রামে সমাবেশ করার দৃঢ় প্রত্যয়
চট্টগ্রামে ১৩ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে সমাবেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে গণজাগরণ মঞ্চ। ওই দিন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সরকারের কাছে সাধারণ মানুষ ও আন্দোলনের সঙ্গে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। গতকাল রোববার রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে গণজাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশকে মহাসমাবেশে পরিণত করার আহ্বান জানান। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান এ আন্দোলন শত হুমকির মধ্যেও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সব ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে এ আন্দোলনের সূচনা হয়। গতকাল উত্তরায় পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার আগেই দুপুর থেকে আশপাশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা সমাবেশস্থলে এসে জড়ো হয়। অফিস শেষে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। কয়েক হাজার লোকের স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে বিকেল চারটা ২০ মিনিটে শুরু হয় সমাবেশের বক্তৃতা পর্ব। সমাবেশে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘৮ মার্চ শাহবাগের নারী জাগরণী সমাবেশে ১৩ মার্চ চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের ওপর জামায়াত-শিবির হামলা চালিয়েছিল, তাই এ ঘটনার প্রতিবাদ জানাতে সেখানেই সমাবেশ হবে।’ জামায়াত-শিবিরকে সন্ত্রাসী ও খুনে বাহিনী হিসেবে চিহ্নিত করে ইমরান এইচ সরকার বলেন, তারা রাজপথকে সহিংস করে গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট মানুষকে হত্যা ও আহত করছে। এটা প্রমাণ হয়ে গেছে, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিকল্প নেই। সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদ হত্যা ও নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকি হত্যার ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি শাহবাগে নারী জাগরণী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় জামায়াত-শিবিরকে হুঁশিয়ার করে ইমরান এইচ সরকার বলেন, ‘গণজাগরণ মঞ্চের আন্দোলন অহিংস। আমরা কারও ওপর আক্রমণ করিনি, ঘরবাড়ি পোড়াইনি। রাজপথে থেকে আন্দোলন করে আসছি। আন্দোলন সব সময় শান্তিপূর্ণ থাকবে। আপনারা কোনোভাবেই আমাদের সহিংসতার দিকে ঠেলে দেবেন না।’ উত্তরাকে ঢাকা মহানগরের প্রগতিশীল মানুষের বিচরণভূমি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত-শিবির যেসব বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়েছে, তাদের আজই উৎখাত করুন। তাদের কাছে কোনো বাড়ি ভাড়া দেবেন না।’ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, এ আন্দোলন রাজাকার ও তাদের দোসর জামায়াত-শিবিরের বিরুদ্ধে। কোনো ধর্মের বিরুদ্ধে নয়। ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে উদ্দেশ করে বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে এরশাদ যদি আর একটি কথাও বলেন, তাহলে তাঁকে জামায়াত-শিবিরের মদদদাতা হিসেবে ধরে নেওয়া হবে। ব্লগার মারুফ রসুলের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক সামিয়া রহমান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ, ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান খান, ছাত্র সংহতির সভাপতি মীর রেজাউল আলম, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান প্রমুখ বক্তব্য দেন।