হরতাল প্রত্যাখ্যান করে প্রজন্ম চত্বর থেকে নতুন কর্মসূচি
আগামী রোববার ইসলামি দলগুলোর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজপথে থাকার আহ্বান জানিয়ে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জামায়াত শিবিরের তাণ্ডবে উস্কানি দেওয়ার অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তার দাবি করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া এগারোটার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। আন্দোলনের সংগঠক ও যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।নতুন কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের তাণ্ডব, জাতীয় পতাকা ও শহীদ মিনার অবমাননা এবং বায়তুল মোকাররম মসজিদের খতিবকে লাঞ্ছনার প্রতিবাদে কাল শনিবার জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করা হবে। একইসঙ্গে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল বিকেল তিনটায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গনে জাতীয় পতাকা হাতে দলে দলে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।