হরতাল প্রত্যাখ্যানের আহ্বানে সাড়া দিয়েছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা পর পর কয়েকটি সহিংস হরতালের পর গতকাল সোমবারের হরতালে রাজধানীর জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। গণজাগরণ মঞ্চ জামায়াতের হরতালকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছিল। সারা দেশের অধিকাংশ মানুষ এ আহ্বানে সাড়া দিয়ে যার যার কাজে গিয়েছেন। বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। অফিসপাড়ায়ও উপস্থিতি ছিল স্বাভাবিক। রাস্তায় ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচল করেছে। বিভিন্ন এলাকায় দোকানপাটও ছিল খোলা।তবে এর মধ্যেই বিচ্ছিন্নভাবে সহিংসতার চেষ্টা চালায় জামায়াত-শিবির। রাজধানীতে জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় হিউম্যান হলার উল্টে নিচে চাপা পড়ে ইকবাল হোসেন (৩৫) নামের এক যাত্রী মারা গেছেন। কক্সবাজারের রামুতে রোগীবাহী মাইক্রোবাসে জামায়াত-শিবির হামলা করলে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান স্থানীয় বিএনপির নেতা আবদুর রহমান (৫৬)। আর কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ইব্রাহীম খলিল (২২) নামের এক তরুণ। পুলিশ জানিয়েছে, তিনি শিবিরের কর্মী।গতকাল রাজধানী ঘুরে দেখা গেছে, রাজধানীর বেশির ভাগ বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে পাঠদান ও পরীক্ষা হয়েছে। মতিঝিলের অফিসপাড়ায় ভিড়ভাট্টা কম থাকলেও কর্মীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কাজকর্ম চলেছে নির্বিঘ্নে। বড় বিপণিবিতানগুলো দুপুরের পর খুললেও রাস্তার পাশের দোকানগুলো খোলা ছিল সকাল থেকেই। গণপরিবহন বাস, হিউম্যান হলার ও অটোরিকশা চলেছে। ঢাকার বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও স্বল্প দূরত্বের বাস চলাচল করেছে। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে প্রজন্ম চত্বরে আন্দোলনরত তরুণদের আহ্বানে সাড়া দিয়ে হরতালের আগের দিনই বাস মালিক সমিতি, দোকান মালিক সমিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ হরতাল প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল। কক্সবাজারে পুলিশের সঙ্গে জামায়াতের সহিংসতায় হতাহতের প্রতিবাদে ওই জেলায় টানা দুই দিন হরতাল পালনের পর গতকাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জামায়াতে ইসলামী। তবে ওই দিন নিহতদের কেউ-ই জামায়াত বা শিবিরের কর্মী ছিলেন না। গতকাল চৌদ্দগ্রামে পুলিশের গুলি ও একজন নিহত হওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত কুমিল্লা জেলায় হরতাল ডেকেছে দলটি। তবে আজ এসএসসি ও দাখিল পরীক্ষা আছে। রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, জয়পুরহাট ও রংপুরের পীরগাছায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও দিনাজপুরে ১৩টি যানবাহন ভাঙচুর এবং রাজশাহী, সাতক্ষীরা ও রংপুরে তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করেছেন শিবিরের কর্মীরা। গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করেছেন তাঁরা। সিলেটের বিশ্বনাথ ও কানাইঘাট এবং লক্ষ্মীপুরের রায়পুরে হরতাল-সমর্থকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৩৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।রাজধানীতে তিনটি সহিংসতা, একটি মৃত্যু: গতকাল সকালে রাজধানীর বাড্ডা ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ভাঙচুর ও প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালালে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এরপর আর তাঁরা মাঠে নামেননি। তবে বিকেলের দিকে তিন মোটরসাইকেল আরোহী শাহবাগের পাশের কাঁটাবন এলাকায় থেমে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালান। গাড়িটি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় দোকানের কর্মীরা বলেন, মোটরসাইকেল আরোহী তিন তরুণ জিপটির চাকায় পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করলেও ধরতে পারেননি। পরে জনতা আগুন নিভিয়ে ফেলে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে গুলশান-মহাখালী সংযোগ সড়কের মধ্যবাড্ডা এলাকায় ৩০ থেকে ৪০ জনের একদল শিবিরকর্মী লাঠিমিছিল নিয়ে যানবাহন ভাঙচুর শুরু করেন। গুলশানমুখী বন্ধু পরিবহনের একটি হিউম্যান হলার সেদিক দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে ঢিল ছুড়ে গাড়িটি তাড়া করা হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি বাঁ দিকে কাত হয়ে উল্টে যায়। এতে যাত্রী ইকবাল হোসেন (৩৫) চাপা পড়ে মারা যান। গুরুতর আহত হন তিনজন। ইকবালের ভাই আদিল মিয়া বলেন, নির্মাণাধীন ভবনে শ্রমিক সরবরাহ করতেন ইকবাল। তিনি তাঁর কর্মস্থলে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে যাওয়ার সময় এ হামলার শিকার হন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় তিনি রামপুরার উলন সড়কে থাকতেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানিয়েছে, গতকাল সকালে গুলশান-বাড্ডা লিংক রোডে শিবিরের কর্মীরা রাস্তায় আগুন ধরিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। গুলি করে ও ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা সবাই ঢাকা পলিটেকনিকের ছাত্র। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে রিয়াজ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জাকির হোসেনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। আটক বাকি দুজনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।যাত্রাবাড়ীর মাতুয়াইলের একটি মহিলা মাদ্রাসার পাশে অবস্থান নেওয়া পাঁচজনকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে আটক করা হয়েছে। পুলিশ দাবি করেছে, হরতালের নামে এঁরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন।চৌদ্দগ্রামে নিহত ১: আমাদের নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি জানান, সকাল থেকেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় পিকেটিং করছিলেন। সকাল ১০টার দিকে পুলিশ তাঁদের হটাতে গেলে সংঘর্ষ বেধে যায়। হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন: উপজেলার আনন্দপুর গ্রামের ইব্রাহীম খলিল (২২), লুদিয়ারা গ্রামের নাইম উদ্দিন (২৩) ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র দুর্গাপুর গ্রামের এনায়েত হোসেন (১৮)। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে নাইম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহ মিজান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে।’তবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা করেন। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর ওই এলাকা থেকে জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।রামুতে মাইক্রোবাসে হামলায় রোগীর মৃত্যু: আমাদের নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার চেইন্দা এলাকায় পিকেটাররা একটি রোগী বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করেন। এ সময় রোগী আবদুর রহমান মারা যান। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।আবদুর রহমানের ভাগনে তাহের নঈম প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে নামাজ পড়তে উঠে তাঁর মামা হূদেরাগে আক্রান্ত হন। একটি মাইক্রোবাসে করে তাঁকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে মাইক্রোবাসটি রামুর চেইন্দা এলাকায় পৌঁছার পর জামায়াত-শিবিরের কর্মীরা গাড়িটি থামিয়ে ভাঙচুর করেন। এতে গাড়ির চালকসহ ভেতরে থাকা পাঁচজন আহত হন। পরে হামলাকারীরা চলে গেলে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যান।