হরতাল প্রত্যাখ্যানের ডাক দিল প্রজন্ম চত্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বরে অন্য রকম এক দিন কাটল গতকাল রোববার। বিরূপ আবহাওয়ার মধ্যেও স্লোগান থামেনি, টলেননি একজন তরুণও; বরং জামায়াত-শিবিরের ডাকা আজ সোমবারের হরতাল প্রত্যাখ্যান করে তা প্রতিহত করার প্রবল ডাক এসেছে প্রজন্ম চত্বর থেকে।শাহবাগের এই গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দোকান মালিক সমিতি ও পরিবহন মালিক সমিতিও জামায়াত-শিবিরের ডাকা হরতালকে অযৌক্তিক আখ্যা দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বাভাবিক ক্লাস ও পরীক্ষা চলবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এর মধ্যেই আবার শেষবেলায় ট্রাইব্যুনাল সংশোধনী বিল পাসের খবর আসে। উল্লাসে ফেটে পড়ে সবাই। করতালি দিয়ে স্বাগত জানায়। এটাকে প্রাথমিক বিজয় হিসেবে নিয়ে স্লোগান ধরা হয়, ‘দাবি মোদের একটাই, রাজাকারের ফাঁসি চাই। জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’। তবে মূল দাবি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে মঞ্চ থেকে বলা হয়।দেশের প্রায় সবাই মানছে এই শাহবাগ থেকেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে। আর এই যুদ্ধে শামিল হয়েছে দেশের প্রায় প্রতিটি শহর-গ্রাম। এ জন্য প্রজন্ম চত্বর থেকে এ পর্যন্ত যে আহ্বানই করা হয়েছে, তা দৃঢ় প্রতিজ্ঞা আর প্রত্যয়ে পালন করেছে সারা দেশ। জামায়াত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান ও প্রতিহত করার ডাকেও একই সারা পাওয়া যাবে—এমন প্রত্যাশাই শোনা গেছে শাহবাগের জমায়েতে। এদিকে, প্রজন্ম চত্বরের আহ্বানে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রজন্ম চত্বরের আহ্বানে কর্মসূচি পালন করে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জোবায়ের খান, অষ্টম শ্রেণীর তাসিব আহসান ও সাদেকুল হাসান—সবাই জানে রাজাকারের ফাঁসির দাবি জোরালো করার জন্যই তাদের এই কর্মসূচি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ উম্মে সালেমা বেগম বলেন, তরুণদের জাগরণের পক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কর্মসূচির ঘটনা এটাই প্রথম। শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে ব্যাপক আগ্রহ, উদ্দীপনা ও উৎসাহ দেখা গেছে। গতকাল রোববার ছিল আন্দোলনের ১৩তম দিন। বিগত ১২ দিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ছন্দপতন ঘটে। সকালের মেঘলা আকাশ দুপুর নাগাদ বৃষ্টি হয়ে নেমে আসে। এতে অন্য দিনের তুলনায় জমায়েত কিছুটা কম হয়েছে। তবে জাগরণের যে শক্তি, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি যে অবিচল দৃঢ়তা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে কঠোর অবস্থান থেকে একটু টলেনি তরুণ প্রজন্ম। বৃষ্টির তীব্রতার সঙ্গে বজ্রকণ্ঠে স্লোগান এসেছে, ‘রোদ হবে বৃষ্টি হবে, শাহবাগ জেগে থাকবে’, ‘ঝড় হবে বৃষ্টি হবে, শাহবাগকে লড়তে হবে’, ‘শহীদ রাজীব শিখিয়ে গেছে, বৃষ্টি ভিজে রক্ত হবে’। এসব স্লোগানে মুষ্টিবদ্ধ হাজারো হাত শুধু গলা মিলিয়েছে, ভেসেছে তারুণ্যের অফুরান শক্তি নিয়ে।গতকালও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, কামরাঙ্গীর চর ওয়েজউদ্দিন উচ্চবিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা শাহবাগের গণজাগরণে যোগ দেয়। তাদের মাথায় বাঁধা ছিল রাজাকারের ফাঁসির দাবিসংবলিত ফিতা। সমস্বরে স্লোগান তুলেছে, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি’।বৃষ্টির মধ্যেও অনেককে কাপড় ও কাগজের আবরণে ঢেকে শিশুসন্তানকে নিয়ে চলে আসতে দেখা গেছে শাহবাগে। অনেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে, কেউ ভিজে ভিজে, আবার কাউকে দেখা গেছে দোকানের ছাউনিতে দাঁড়িয়ে গলা মেলাতে।হরতাল প্রত্যাখ্যান: দুপুর ১২টার দিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ জাগরণ মঞ্চ থেকে ঘোষণা দেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, জামায়াত-শিবিরের কালকের (আজকের) হরতাল প্রত্যাখ্যান করছি।’ এই সময় উপস্থিত জনতা তাঁর এই ঘোষণাকে করতালি দিয়ে এবং মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে স্বাগত জানায়। শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা অহিংস আন্দোলন করছি। মানুষ জামায়াত-শিবিরের হরতাল না মেনে রাস্তায় নামলে এবং কাজে যোগ দিলেই হরতাল প্রতিহত হয়ে যাবে।’ তিনি বলেন, এ পর্যন্ত গণজাগরণের মঞ্চ থেকে যে আহ্বানই করা হয়েছে, সারা দেশের মানুষ তা মন-প্রাণ দিয়ে একাত্ম হয়েছে। দেশের স্বাধীনতা রক্ষার জন্য জামায়াত-শিবিরের এই হরতালও তারা প্রত্যাখ্যান ও প্রতিহত করবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে।আরেক যুদ্ধ: শাহবাগের বিনিদ্র জাগরণের মতো দেশের বেশির ভাগ মানুষই এই আন্দোলনকে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছে। মিরপুরের মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম প্রায় প্রতিদিনই আসেন প্রজন্ম চত্বরে, কাটিয়ে যান দীর্ঘ সময়। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বিমা সব কিছু অচল করে দেওয়ার জন্য। তখন প্রতিপক্ষ জামায়াত, রাজাকার, আলবদর, আলশামস চেয়েছিল সচল রাখতে। এখন একাত্তরের প্রতিপক্ষ স্বাধীন দেশকে অচল করতে চায়। আর নতুন মুক্তিযোদ্ধারা চায় তাদের প্রতিহত করে দেশকে সচল রাখতে। আসলে অদ্ভুত মিল!’রাজীব, হরতাল আর জামায়াতকে ঘৃণা: আগের দিনই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার আহমেদ রাজীব হায়দারের মরদেহ নিয়ে শপথ করে গণজাগরণ। সে জন্য দিনভর স্লোগানে ছিল রাজীব। সঙ্গে ছিল হরতাল ও জামায়াতবিরোধী স্লোগান। দুপুরে রাজীবের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় জামায়াত-শিবিরবিরোধী বিক্ষোভের কথা ঘোষণা করা হয় গণজাগরণ মঞ্চ থেকে। কে ঘোষণা করেছেন সে দিকে কারও খেয়াল ছিল না। সবাই যার যার অবস্থান থেকে করতালি দিয়ে স্বাগত জানায়। স্লোগান ওঠে, ‘রাজাকারের ঠাঁই নাই। রাজীব আমাদের শিখিয়ে গেছে’।বদরুন্নেসা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী নাসরিন জাহান বলেন, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো করে, জামায়াত-শিবিরের মতো নয়। এ সময় মাইকে ঘোষণা দেওয়া হয়, হরতালে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। দোকানপাটও চলবে স্বাভাবিক নিয়মে। যানবাহন চলবে নিজ গতিতে। অফিস-আদালত প্রতিদিনের মতো চলবে। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা করতালি দিয়ে স্বাগত জানায়। রাত নয়টার দিকে প্রায় ৫০ জন সাংসদ আসেন প্রজন্ম চত্বরে সংহতি জানাতে। এরপর রাতে চত্বরে বের হয় জাতীয় পতাকা হাতে নিয়ে একটি আলোর মিছিল।