হরতাল প্রত্যাহার করুন: ওবায়দুল কাদের
আগামী সোমবার ডাকা হরতাল প্রত্যাহারে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের।আজ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বিডুটেক সলিউশনস লিমিটেড আয়োজিত এডুকেশন ফেয়ার-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী জনগণের মতামত বুঝতে পেরে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের প্রকল্প বাতিল করেছেন। প্রধানমন্ত্রী এ ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে জনগণের নেতা। তাই তিনি জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আড়িয়ল বিলে বিমানবন্দর করার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তিনিই একমাত্র নেতা, যিনি পরিস্থিতির বাস্তবতার আলোকে জনগণের নাড়ির স্পন্দন বুঝতে পারেন।ওবায়দুল কাদের আরও বলেন, সারা দেশ যখন গৌরবময় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে, তখন তাদের উচিত হরতাল প্রত্যাহার করা। তা না হলে সারা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা পৌঁছাবে। বিশ্বকাপ বিঘ্নিত করতে যদি হরতাল হয়, তাহলে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপিকে জনগণ মেনে নেবে না। কথায় কথায় হরতাল-অবরোধ ডাকায় দেশের স্থিতিশীলতা আজ হুমকি মুখে বলেও মন্তব্য করেছেন তিনি।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল হক তালুকদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইসরাফিল আলম, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান ও বিডুটেক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামাল সোহেল বক্তব্য রাখেন। —বাসস।