চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত সাড়ে ১০টায় বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।সৈয়দ আশরাফ বিরোধী দল বিএনপিকে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশে এমন কোনো আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বা অবস্থার সৃষ্টি হয়নি যে হরতাল দিতে হবে। দেশে মতপ্রকাশের সব রকম সুযোগ রয়েছে।সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিরোধী দলে গেলেও তিনি হরতাল দেবেন না। এখন তিনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাংসদ আহসানউল্লাহ মাস্টার, মমতাজউদ্দিন ও মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয়। তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সাবের হোসেন চৌধুরী, বাহাউদ্দিন নাছিমসহ অসংখ্য নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। বর্তমান সরকারের সময় এ রকম কোনো ঘটনা ঘটেনি। সুতরাং খালেদা জিয়ার হরতাল দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি। এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, হরতালের নামে কেউ অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এখানে দলীয়ভাবে আওয়ামী লীগের কোনো কাজ নেই। ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কোনো বিষয় নয়, যে-ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই অনেকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের যে কেউ অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না।সাংগঠনিক পরিস্থিতি: সূত্র জানায়, বৈঠকে ছয়জন সাংগঠনিক সম্পাদক নিজ নিজ বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দেশে না থাকায় প্রতিবেদন পেশ করা হয়নি। বৈঠকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা কমিটি তাঁকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় কমিটি গতকাল তা অনুমোদন করেছে। এ ছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিবের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়। তাঁকে দল থেকে বহিষ্কারের বিষয়ে আলোচনা হয়। সূত্র জানায়, বৈঠকে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ গোলাম মওলা রনির বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ আনেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রনি উপস্থিত হননি। বরগুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়ও তিনি ছিলেন না। রনি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ওই সাংসদের কারণে এলাকায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি রনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন। সূত্র জানায়, রনির কোনো সাংগঠনিক পদবি না থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ ব্যাপারে তাঁর কাছে ব্যাখ্যা চাইবেন বলে জানান। বৈঠকে জানানো হয়, দলীয় সদস্য সংগ্রহ অভিযানে এখন পর্যন্ত ৬০ লাখ টাকার ফরম বিক্রি হয়। সূত্র জানায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি নিয়ে অভিযোগ তোলেন। তিনি বলেন, সদ্যঘোষিত কমিটির সভাপতি একজন অধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক আইনজীবী। প্রধানমন্ত্রী এ কমিটি বাতিলের নির্দেশ দিয়ে বলেন, শুধু ছাত্ররাই ছাত্রলীগের নেতৃত্ব দেবে।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: সৈয়দ আশরাফ বলেন, এবার ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে এসব অনুষ্ঠান হবে, বিশেষ করে বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে। ২৫ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জয়ন্তীতে ত্রিশালে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবেন। এ ছাড়া কবির সমাধিতে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভার কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাভারের জমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আওতায় দেওয়া হয়েছে। সেখানে হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট করা হবে।বিকেল পাঁচটায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।