হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই
দেশের বৃহত্তর স্বার্থে বিরোধী দলের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। একই সঙ্গে ক্ষমতাসীন দল ও বিরোধী দলকে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার মতিঝিলে ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।কাজী আকরাম বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘জাতীয় সংসদে গিয়ে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে অথবা হরতালের বিকল্প কর্মসূচির পরিকল্পনা করেন।’ তিনি আরও বলেন, ‘যারা সরকারে ও বিরোধী দলে আছেন তাঁরা কিন্তু হরতালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীরা।’কাজী আকরাম বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আমরা অবশ্যই প্রধান দুই দলের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেব। আগামী ১৭ ডিসেম্বর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের বৈঠক রয়েছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।’সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ও আকরাম হোসেন, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।