হরতাল প্রত্যাহার না করলে লাগাতার হরতাল (ভিডিও)
কাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে ডাকা ২৪ ঘণ্টার হরতাল প্রত্যাহারে সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হরতাল কর্মসূচি দেওয়া সংগঠনগুলো সরকারের সমর্থক উল্লেখ করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে তাদের এই হরতাল প্রত্যাহার করার আহ্বান জানায় সংগঠনটি। না হলে ৭ এপ্রিল রোববার থেকে লাগাতার হরতাল চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তারা।আজ সকালে লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলন থেকে এ হুমকি দেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী। তাঁর পক্ষে ছেলে আনাচ মাদানী লিখিত বক্তব্য পাঠ করেন। এদিকে, একই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবেও আজ সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়।একই সঙ্গে পরিবহন মালিক সমিতিকে বাস ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায় তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের অনুমতি না পেলেও ৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করা হবে। সংগঠনটির দেওয়া ১৩ দফা দাবি পূরণ করা না হলে দেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, এর দায়ভার সরকারকে নিতে হবে বলে জানায় তারা। সংগঠনটির এই কর্মসূচি যুদ্ধাপরাধের বিচার বানচাল করার ষড়যন্ত্র কি না—এমন প্রশ্নের জবাবে শাহ আহমদ শফী বলেন, ‘আমাদের সংগঠন অরাজনৈতিক। আমাদের আন্দোলনও অরাজনৈতিক। যুদ্ধাপরাধের বিচার, পদ্মা সেতুর দুর্নীতি ও তত্ত্বাবধায়কব্যবস্থা—এগুলো রাজনৈতিক। এসব বিষয় আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়।’বেশ কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করার বিষয়ে জানতে চাইলে শাহ আহমদ শফী বলেন, ‘চারজন নয়, ৮৪ জন বা তার চেয়ে বেশি হতে পারে নাস্তিক ব্লগারদের সংখ্যা। তাদের তো গ্রেপ্তার করা হয়নি। তাদের গ্রেপ্তার করাই আমাদের মূল দাবি না। আমাদের মূল দাবি ১৩টি। যারা তাদের মুক্তির দাবি করছে, তারাও নাস্তিকদের দালাল। তাদেরও গ্রেপ্তার করতে হবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নেতা আহমুদুল্লাহ আশরাফ, আবদুল লতিফ নেজামী, হাবিবুর রহমান, মো. ইসহাক, নূর হোসেন কাসেমী, ইজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ। চট্টগ্রামের সংবাদ সম্মেলনআজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লংমার্চ পালিত হবে। শুক্রবার বাদ জুমা জুমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে জুমার নামাজ ও দোয়া শেষে ঢাকা অভিমুখে রওনা হবে। যে কেউ চাইলে এ কর্মসূচিতে যোগ দিতে পারবেন বলে জানান তিনি।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দেয়।