যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা বলেছেন, কারও ভয়ে, হুমকিতে বা কারও সঙ্গে আপস করে হরতাল প্রত্যাহার করা হয়নি। পরিবহনের মালিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া এক টাকা কমানোর ঘোষণা দেওয়ায় হরতাল প্রত্যাহার করা হয়েছে।গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা এ কথা বলেন। একই সঙ্গে জনগণের স্বার্থে বাসভাড়া আরও কমানোর আহ্বান জানিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পথে দ্রুত বিআরটিসি বাস এবং প্রতি ঘণ্টায় উন্নতমানের ট্রেন চালুর দাবি জানান তাঁরা।বাসভাড়া কমানোর দাবিতে গতকাল নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তবে পরিবহনের মালিকেরা গত রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ পথে ভাড়া এক টাকা কমানোর ঘোষণা দেওয়ার পরপরই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় ফোরাম।গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব জহিরুল ইসলাম, বাসদ-সমর্থিত বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুব ইসমাইল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি জিয়া হায়দার, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জাসদের (ইনু) জেলা শাখার সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, ন্যাপের আওলাদ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদের জেলা সমন্বয়ক আবু নাইম খান, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, অজয় পাল, শাহজাহান সরদার প্রমুখ।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সিএনজির দাম বাড়ার অজুহাতে পরিবহনের মালিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া এক লাফে ২২ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করেন। এ কারণে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আন্দোলন শুরু করে এবং বাসভাড়া ২৪ টাকা করার দাবি জানায়। পরে বাসভাড়া দুই টাকা কমিয়ে ২৮ টাকা করা হয়। কিন্তু বাস ভাড়া ২৪ টাকা করার দাবিতে তাঁরা হরতাল আহ্বান করেন।হরতাল প্রত্যাহার করা প্রসঙ্গে নেতারা বলেন, পরিবহনের মালিকেরা বাসভাড়া এক টাকা কমানোর ঘোষণা দেওয়ায় কৌশলগত কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে যাত্রীদের অধিকার আদায়ের স্বার্থে আন্দোলনের অন্যান্য কর্মসূচি চলবে।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা বলেন, গত শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আঞ্চলিক পরিবহন কমিটির সভায় বাসভাড়া কমানোর দাবিতে তাঁদের বক্তব্য দিতে বাধা দেওয়া হয়। সভায় পরিবহনের মালিকেরা বাসভাড়া না কমিয়ে উল্টো ২৮ থেকে ৩০ টাকা করার হুমকি দেন। সেদিনের সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাবেক সাংসদ শামীম ওসমান ও সাংসদ নজরুল ইসলাম বাবু পরিবহনের মালিকদের পক্ষে কথা বলেছেন।