হরতাল প্রত্যাহারের অনুরোধ করল এফবিসিসিআই
আগামীকাল রোববারের হরতাল প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশন (এফবিসিসিআই)। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি এই অনুরোধ জানায়।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে বিশেষ সংসদীয় কমিটির প্রস্তাব এবং এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী ৫ জুন হরতাল ডেকেছে। এফবিসিসিআইয়ের সংবাদ সম্মেলনে সভাপতি এ কে আজাদ লিখিত বক্তব্যে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে হরতালের নেতিবাচক প্রভাব তুলে ধরে বলেন, ‘দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ৫ জুনের হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আবেদন জানাচ্ছি।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘হরতালে জনসমর্থন নেই। রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জিজ্ঞাসা করুন। যে দলই ক্ষমতায় থাকুক, আমরা হরতালের বিপক্ষে।’সংবাদ সম্মেলনে বলা হয়, হরতাল আহ্বানে ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন। জাতীয় অর্থনীতির স্বার্থে এফবিসিসিআই ও ব্যবসায়ী সমাজ সব সময়ই হরতালের বিপক্ষে অবস্থান নিয়েছে।দেশের অর্থনীতির চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে নতুন নতুন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। এর ধারাবাহিকতায় ৫ জুন সংযুক্ত আরব আমিরাত ও ৬ জুন জাপানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল কিছুদিনের মধ্যে বাংলাদেশ সফর করবে। এ সময় বিরোধী দলের ডাকা হরতাল বিনিয়োগের সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে ব্যবসায়ী সমাজ মনে করে। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ও ব্যবসায়ী সমাজ সম্মিলিত কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। হরতালের কারণে পণ্যমূল্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ কে আজাদ আশঙ্কা প্রকাশ করেন, হরতালের কারণে চট্টগ্রাম ও মংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ধরনের কর্মসূচি ২০১৩ সালের মধ্যে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে ক্রমান্বয়ে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনেও মারাত্মক হুমকি বলে অভিমত দেন তিনি।এক দিনের হরতালে কত টাকার ক্ষতি হতে পারে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের প্রধান বলেন, ‘আনুমানিক তথ্য, এক দিনের হরতালে ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়। এটা অথেনটিক (প্রামাণিক) নয়। এটা ওয়েবসাইট থেকে পেয়েছি। আপনারা যাচাই করে দেখতে পারেন।’সংবাদ সম্মেলনে জানানো হয়, রপ্তানি প্রবৃদ্ধি পরিমাণগত ও মূল্যগত উভয় দিকে বেড়েছে। বর্তমানে দেশে বেকারের সংখ্যা তিন কোটি। প্রতি বছর ২০ লাখ কর্মপ্রার্থী চাকরির বাজারে আসছে। গ্রহণযোগ্য ইসির আহ্বান: সংবাদ সম্মেলনে আবারও তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে এ কে আজাদ বলেন, ‘এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগেই আমরা বোর্ডসভায় সিদ্ধান্ত নিয়েছি। একটি নির্বাচিত সরকার যদি দেশ চালাতে পারে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন তাদেরই নৈতিক দায়িত্ব। তা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন হয়েছে। এতে দেখা গেছে, যে দল হেরেছে, সেই দলই বলেছে নির্বাচন অস্বচ্ছ হয়েছে। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’এফবিসিসিআইয়ের নেতা আরও বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) যেন বিরোধী দলসহ সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই আহ্বান জানাব।’সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে আদালত অবৈধ ঘোষণা করলেও সংসদে আলোচনার মাধ্যমে আগামী দুই মেয়াদে এ ব্যবস্থায় নির্বাচন করা যেতে পারে বলে পর্যবেক্ষণ মন্তব্য দিয়েছেন। অর্থাৎ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিরোধী দলের আলোচনার সুযোগ রয়েছে। দেশের স্বার্থে বিরোধী দল এ সুযোগ গ্রহণ করতে পারে। সুযোগটি গ্রহণ না করলে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেওয়া হবে না বলে এফবিসিসিআই মনে করে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এফবিসিসিআই কোনো আলোচনার উদ্যোগ নেবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নে এ কে আজাদ বলেন, ‘আমি মনে করি, সংসদ আছে।’ সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, আমজাদ হোসেন, মোস্তফা আজাদ, আবুল কাশেম, এ কে এম সেলিম ওসমান, নুরুল ফজল বুলবুল, এম এ মোমেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী প্রমুখ।