বিএনপির ডাকা হরতালকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।গতকাল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ আহ্বান জানান। একই সঙ্গে সামরিক ভূসম্পত্তি বিভাগের সিদ্ধান্ত এবং আদালতের রায়ে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানান তিনি।খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মাহবুব উল আলম হানিফ বলেন, ঈদুল আজহার আগ মুহূর্তে এবং অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার মধ্যে রোববার বিএনপির হরতাল ডাকাটা অযৌক্তিক। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলবে। তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে যারা বাড়ি ফেরার জন্য বাস, লঞ্চ, ট্রেনের টিকিট কেটে রেখেছে, তারা ঘরে ফিরবে কী করে? যেসব চাকরিজীবী, ব্যবসায়ীর ব্যাংক থেকে টাকা ওঠানোর কথা, তাঁরা কী করবেন? হরতাল ডাকার আগে বিএনপির নেতাদের বিষয়টি বিবেচনা করা সমীচীন ছিল না?’আওয়ামী লীগের এই নেতা বিএনপিকে হরতালের পথ পরিহার করে প্রতিবাদের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন।খালেদা জিয়ার বাড়ি ছাড়াকে কেন্দ্র করে গতকাল রাজধানীতে ‘গাড়ি ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও নাশকতা’র নিন্দা জানান আওয়ামী লীগের এই নেতা।হরতাল প্রতিরোধ করতে আওয়ামী লীগ মাঠে থাকবে কি না—এ প্রশ্নের জবাবে মাহবুব উল আলম বলেন, আওয়ামী লীগ প্রতিরোধে বিশ্বাস করে না। বিএনপি জ্বালাও-পোড়াও করলে সরকার ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আবু সাইদ আল মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।