হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার স্বার্থে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।আজ সোমবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি এ আহ্বান জানায়।আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালনের কর্মসূচি রয়েছে ১৮ দলের। হরতালকে ধ্বংসাত্মক কর্মসূচি উল্লেখ করে এফবিসিসিআই বলেছে, ঘন ঘন হরতাল দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় ও অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। দেশে যে সংঘাত ও সংঘর্ষের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড; ব্যাহত হচ্ছে শিল্পায়ন। এতে প্রতিবছর ২০ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বাধাগ্রস্ত হবে। এ ছাড়া, দেশি-বিদেশি বিনিয়োগ নিরুত্সাহিত হচ্ছে।দেশের মানুষ ও অর্থনৈতিক উন্নয়নের বৃহত্তর স্বার্থে সংঘর্ষ ও সংঘাতের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে এফবিসিসিআই বলেছে, সংযম ও সমঝোতার নীতি অনুসরণ করে পরস্পর আলোচনার মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক সমস্যা সমাধান করা প্রয়োজন।