হরতাল প্রত্যাহারের আহ্বান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ৩০ নভেম্বর বিএনপির ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।আজ শনিবার নগরের আগ্রাবাদে মেট্রোপলিটন চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুচ ছালাম বলেন, হরতাল হচ্ছে প্রতিবাদের শেষ অস্ত্র। তাই হরতালের আগে জনসাধারণকে সম্পৃক্ত করতে সভা, সমাবেশ, মিছিলসহ বিকল্প কর্মসূচি নেওয়া উচিত। কারণ, হরতালে দেশের ক্ষতি হয়। ভুক্তভোগী হয় সাধারণ জনগণই।মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি সুফী মিজানুর রহমান বলেন, সরকার ও বিরোধী দল বসে আলাপ-আলোচনা করলে যেকোনো সমস্যাই সমাধান করা যায়। তাই সরকার ও বিরোধী দলকে একসঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দুই দলকেই পদক্ষেপ নিতে হবে।এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম মাস্টার, আবদুস সালামসহ অনেকেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।