হরতাল প্রত্যাহারের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
ইসলামী ঐক্যজোটের একাংশের ডাকা আগামীকালের হরতাল প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। আজ রোববার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।মো. শাহজাহান মিয়া বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য আমিনী সাহেবরা এ হরতাল ডেকেছেন। সরকার যে নারীনীতি করেছে, সেখানে কোরআন-সুন্নাহবিরোধী কোনো কথা বলা নেই। সঠিক ব্যাখ্যা দিয়ে এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে লাখ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি প্রথমে সমর্থন না দিলেও পরে নীতিগতভাবে এ হরতালে সম্মতি দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ধর্মীয় দলের নেতারা বলেন, হরতাল ডাকার আগে ধর্মীয় অন্য দলগুলোর সঙ্গে কথা বলা হয়নি। তাই দলগুলোর এতে কোনো সমর্থন নেই। এই হরতাল প্রতিহত করতে সারা দেশ প্রস্তুত।ধর্মীয় নেতারা আরও বলেন, নারীনীতিতে কোরআনবিরোধী কোনো কিছু থাকলে হরতাল ডাকার আগে সরকারকে জানানো উচিত ছিল। সংশোধনের জন্য সরকারকে সময় বেঁধে দিতে পারত। সরকার কোনো পদক্ষেপ না নিলে হরতাল ডাকলে যুক্তসংগত হতো। যে দুটি ধারা নিয়ে এ হরতাল ডাকা হয়েছে, তার প্রকৃত ব্যাখ্যা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলে ধরা হয়। নারীনীতির ২৩.৫ ধারায় বলা হয়েছে, সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায়ে নারীকে সমান সুযোগ ও অংশীদারি দেওয়া। এ ধারার ব্যাখ্যায় বলা হয়, সম্পদ বলতে এতে কোনো উত্তরাধিকার সূত্রের সম্পদকে বোঝানো হয়েছে। নাগরিক হিসেবে সম্পদ অর্জন, নিজ নিজ কর্মস্থল ও ব্যবসা-বাণিজ্যে তাঁর যোগ্যতা অনুযায়ী প্রাপ্য অংশীদারির কথা বোঝানো হয়েছে। অর্থাত্ এটি কোরআন-সুন্নাহ পরিপন্থী কোনো বিধান নয়।নারীনীতির ২৫.২ ধারায় বলা আছে, উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার প্রদান করা। এই ধারার ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে নারীর সমান উত্তরাধিকার পাওয়ার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে, উত্তরাধিকার হিসেবে নারী যে সম্পদ অর্জন করেন, অর্থাত্ মুসলিম উত্তরাধিকার আইন ও ধর্মের বিধান অনুযায়ী উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা। এ ধারাটিতেও কোরআন-সুন্নাহর পরিপন্থী কিছু নেই।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী, ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব সামিম মো. আফজাল, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ।