হরতাল প্রত্যাহারের আহ্বান ব্যবসায়ী নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করতে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। সংঘাতের রাজনীতি বাদ দিয়ে সংযম ও সমঝোতার নীতি অনুসরণ করে বিকল্প রাজনৈতিক কর্মসূচি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।আজ শনিবার সন্ধ্যায় ২৬টি ব্যবসায়ী সমিতি ও চেম্বার নেতা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) থেকে বিবৃতিটি পাঠানো হয়। এর আগে দেশের পরিস্থিতি নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে আলোচনায় বসেন তাঁরা।ব্যবসায়ী নেতারা বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এ ধরনের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অস্থিতিশীল পরিবেশ চলতে থাকলে দেশে কোনো বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেন তাঁরা। বিবৃতিতে বলা হয়, দেশের ব্যবসায়ী সমাজ মনে করে, বিরাজমান রাজনৈতিক ইস্যুগুলো রাজনীতিবিদদের নিজস্ব ফোরামে উত্থাপন ও মীমাংসা করা প্রয়োজন। এতে করে দেশের অর্থনীতি ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে না।