হরতাল প্রত্যাহারের আহ্বান ১৪ ব্যবসায়ী সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) দেশের শীর্ষস্থানীয় ১৪টি ব্যবসায়ী সংগঠন। সংগঠনের নেতারা একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সংবাদপত্রে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এসব সংগঠনের নেতারা বলেছেন, জাতীয় অর্থনীতির স্বার্থে এফবিসিসিআই ও দেশের ব্যবসায়ী সমাজ সব সময়ই হরতালের বিপক্ষে অবস্থান নিয়েছে। কেননা, হরতাল জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভাজনের প্রতিবাদে বিএনপি আগামী রোববার রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা-হরতাল আহ্বান করায় ব্যবসায়ী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে।যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং ডিসিসির সেবা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিসিসিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে বলে সরকার ঘোষণা করেছে। এই বিভক্তি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের মতভেদ থাকতে পারে। তবে জাতীয় স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মিলিত আলোচনার মাধ্যমে ডিসিসির বিভাজন বিষয়ে একটি সুষ্ঠু সমাধান করা সম্ভব বলে ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে। এ ছাড়া বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। তাই আদালতের সিদ্ধান্তের আগে এ বিষয়ে সব ধরনের আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকা সমীচীন বলে ব্যবসায়ী সমাজ মনে করে।ব্যবসায়ীরা আরও বলেছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অর্থনীতি একটি শক্ত পরিকাঠামোর ওপর প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সম্ভাবনাময় দেশের উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ সফর করছেন এবং তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সরকার এবং বেসরকারি খাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় আহুত হরতাল দেশের বিনিয়োগ সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে ব্যবসায়ী নেতারা মনে করেন।বিবৃতিতে স্বাক্ষর করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, মেট্রো চেম্বারের সহসভাপতি নিহাদ কবীর, বিজিএমইএ সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি সামসুর রহমান, বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি কাজী শাহনেওয়াজ, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ, বায়রার সভাপতি মো. আবুল বাশার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি নাজ ফারহানা ও বাংলাদেশ পাটকল সমিতির সভাপতি নাজমুল হক।