হরতাল প্রত্যাহারের দাবি এফবিসিসিআইর
জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ শুক্রবার সন্ধ্যায় এফবিসিসিআইর এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারাবাহিকভাবে গত কয়েক মাসের রাজনৈতিক সহিংসতা ও ঘন ঘন হরতালে দেশের ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন। একই সঙ্গে বিগত কয়েক দিনের হরতালের কারণে উদ্ভূত অস্থিতিশীল পরিবেশের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও টানা তিন দিনের এ হরতাল দেওয়া হলো। তাই এফবিসিসিআই দেশের সার্বিক উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নের গতি অব্যাহত রাখার স্বার্থে, দেশের কতিপয় রাজনৈতিক দলকে সংঘাতের রাজনীতি পরিহার করে সংযম ও সমঝোতার নীতি অনুসরণ করে হরতাল ও সহিংস কর্মসূচি থেকে বিরত থাকতে এবং ৩ থেকে ৫ মার্চ ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, গতকাল বৃহস্পতিবারের হরতালে দেশব্যাপী ব্যাপক সহিংসতায় পুলিশসহ অর্ধশতাধিক মূল্যবান জীবননাশ ও আহতের ঘটনায় দেশের ব্যবসায়ী সমাজ গভীর দুঃখ প্রকাশ করছে। তবে বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদালতে নিষ্পত্তি ও বিচারাধীন থাকায় আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হিসেবে প্রতিটি নাগরিককে বিচার বিভাগ কর্তৃক নিষ্পত্তি ও বিচারাধীন বিষয়ে পরিপূর্ণ সমর্থন দেওয়া প্রয়োজন বলে ব্যবসায়ী সমাজ মনে করে বলেও উল্লেখ করা হয়।