হরতাল বন্ধের সিদ্ধান্ত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল বন্ধে আইন করার ব্যাপারে সরকারিভাবে আলোচনা বা কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তবে হরতালে নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আইন করে হরতাল বন্ধ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত ১১৩তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।বর্তমান সরকার আদালতকে প্রভাবিত করে পক্ষে-বিপক্ষে রায় নিচ্ছে বলে বিরোধী দল যে কথা বলছে, তা ভিত্তিহীন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারে বিচারকদের বিব্রতবোধ করা নতুন কিছু নয়। অতীতেও বিচারকদের বিব্রত বোধের ঘটনা ঘটেছে।বিএনপির নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় বিরোধী দলের ডাকা হরতালের কারণে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হরতালের কারণে কিছু সময় নিলেও বিচার যথানিয়মে যথাসময়ে চলবে। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ বিচার সম্পন্ন হবেই।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিচারকাজ প্রলম্বিত হলে বিচারপ্রার্থীরা হতাশায় ভোগেন। বিরোধের নিষ্পত্তি দীর্ঘায়িত হলে আরও বিরোধ সৃষ্টির আশঙ্কা থাকে। এ জন্য বিচারপ্রার্থীরা স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে বিরোধের নিষ্পত্তি চান। এদিকে লক্ষ রেখে সরকার প্রচলিত পুরোনো বিচার পদ্ধতিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর-ব্যবস্থা আবশ্যিক পালনের বিধান রেখে এবং মামলা নিষ্পত্তির প্রতিটি স্তরে সময় নির্দিষ্টকরণ করে দেওয়ানি কার্যবিধি সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি-ব্যবস্থা কার্যকর করতে বিচারকদের ভূমিকা রাখতে হবে। এ ব্যবস্থার প্রতি আইনজীবীদের উদ্বুদ্ধ ও উত্সাহিত করতে তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান।ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে কোর্স পরিচালক মো. জাকির হোসেনও এতে বক্তব্য দেন। ১৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।