নওগাঁ-৫ আসনের উপনির্বাচনে আবদুল মালেককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি দলের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান। এ আসনে ১৪জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আজ সোমবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ হরতালের নামে জ্বালাও পোড়াও এবং সংঘাতের রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কেউ যদি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন তা হবে তার জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল। সব দলের অংশগ্রহণে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারব বলে আমাদের প্রত্যাশা। এখানে ভাঙচুর, জ্বালাও-পোড়াওয়ের দরকার নেই। আশা করি বিরোধী দল এটা উপলব্ধি করবে এবং আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করবে।’ বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে সৈয়দ আশরাফ বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের মূল চেতনা ছিল জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারই দেশ পরিচালনা করবে। সে রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টের রায় ও সাংবিধানিক বিধানের বাইরে আমরা যেতে পারি না। সুপ্রিম কোর্টের রায়ের শর্ত লঙ্ঘনের অধিকারও কারও নেই।’ বিরোধী দলের উদ্দেশ্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘হরতাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নিজেও সংসদ অধিবেশন শুরুর আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। তাই আসুন আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনকে সব দলের অংশগ্রহণে কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়, তা ঠিক করি।’ শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্যাহ ও ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। গত ৬ মার্চ দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলের মৃত্যুতে নওগাঁ-৫ আসনটি শূন্য হয়।