প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে আবারও সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, হরতাল বাদ দিয়ে সংসদে আসুন, যা বলার সংসদে বলুন। তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সরকারি কর্মকর্তাদের ধমক দিচ্ছেন। ফাইলে সই না করতে বলছেন। তাহলে তিনি কি বিদ্যুৎ ও পানিসমস্যার সমাধান চান না? তিনি সমস্যা জিইয়ে রাখতে চান?জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার বিকেলে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রায় ৫৫ মিনিটের বক্তৃতায় তিনি গত দেড় বছরে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। তিনি সামাজিক নিরাপত্তা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।শেখ হাসিনা বলেন, বিরোধী দলের এমন কোনো ইস্যু ছিল না যে হরতাল দিয়ে জনজীবনে দুর্ভোগ ডেকে আনতে হবে। আমরা হরতাল দিয়েছিলাম ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষার জন্য। আমাদের হরতাল ছিল চারদলীয় জোট সরকারের দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু তাদের ইস্যু কী? তিনি বলেন, বিদ্যুৎ ও পানির সমস্যা জোট সরকারের সৃষ্টি। এখন এসব ইস্যু নিয়ে আন্দোলনের নামে মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে। নিরীহ মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে। একজন প্রকৌশলীকে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। হাসপাতালের অস্ত্রোপচার কক্ষও ভাঙচুর করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর যেভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়েছিল, আমরা তার কিছুই করিনি। ৩৪৫ জন সাংসদের মধ্যে ৩০৫ জন মহাজোটের। এত বিশাল ম্যান্ডেট নিয়েও আমরা কিছু করিনি।’গরিববান্ধব বাজেট: প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটা গরিববান্ধব বাজেট। একে গরিব মারার বাজেট কেউ বলতে পারেনি। বাজেটে তেলা মাথায় তেল দেওয়া বা ধনীকে ধনী বানানোর উচ্চাভিলাষ নেই। এই বাজেটের উচ্চাভিলাষ হচ্ছে, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা, তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা।সরকার স্থবির—কারও কারও এমন অভিযোগ উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের সময়ে মন্ত্রিসভার ৭৪টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে নেওয়া ৪৮৭টি সিদ্ধান্তের মধ্যে ৪০৫টির বাস্তবায়ন হয়েছে। এ ছাড়া ৮ জুন পর্যন্ত ৫০টি একনেক বৈঠকে ২৮৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্পে ৯৬ হাজার ৯৯৪ কোটি টাকা ব্যয় হচ্ছে। জোট সরকারের সময় মন্ত্রিসভার ৬৬টি বৈঠকে নেওয়া ২৩৭টি সিদ্ধান্তের মধ্যে ১২২টির বাস্তবায়ন হয়। তিনি বলেন, ‘শুরুতে সরকারে কিছুটা স্থবিরতা থাকলেও আমরা তা ধীরে ধীরে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।’দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ও জঙ্গিবাদের দেশের বদনাম থেকে আমরা মুক্তি পেয়েছি। জাতিসংঘের ২২টি সংস্থায় আমরা জয়ী হয়েছি। সম্প্রতি সিডও নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আমরা শান্তির দেশ হিসেবে গড়ে তুলেছি। এভাবে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’বড় অর্জন কৃষিতে: শেখ হাসিনা বলেন, সরকারের সবচেয়ে বড় অর্জন কৃষিতে। কথায় বলে, পেটে খেলে পিঠে সয়। তাই খাদ্য উৎপাদনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে কৃষিতে চার হাজার কোটি টাকার ভর্তুকি রাখা হয়েছে। কৃষি বিমা চালু করা হয়েছে। সামাজিক নিরাপত্তায় এক হাজার ১৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ২০১৩ সাল পর্যন্ত উপবৃত্তি চালু রাখা হবে। মাতৃত্বকালীন ছুটি চার মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডহক ভিত্তিতে প্রায় চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। দুই হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। অনেকে বলছেন, বিদ্যুৎ খাতে সরকারের উদ্যোগ নেই। যদি উদ্যোগ না-ই থাকবে, তাহলে এত বিদ্যুৎ যোগ হলো কী করে? গ্যাস উত্তোলনেও স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়লানীতি প্রণয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পনীতির খসড়া হয়ে গেছে। গত দেড় বছরে এক লাখ ১২ হাজার ৪৪৪ জনকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৫১ হাজার নিয়োগ প্রক্রিয়াধীন।প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাজেট বাস্তবায়নে সক্ষম হব। এর মাধ্যমে মানুষের সুযোগ-সুবিধা বাড়বে। তাই হতাশার কথা না বলে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাজেট বাস্তবায়নে কাজ করতে হবে।’