বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বিএনপির ডাকা হরতাল বানচাল করতে নানাভাবে হুমকি দিচ্ছে। এই অগণতান্ত্রিক আচরণের কারণে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের আগে বিএনপির যৌথ সভা হয়। তিনি জানান, আগামী ৫ জুনের হরতাল সফল করতে করণীয় নির্ধারণে বৈঠক হয়।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম হরতালে বাধা দিতে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, গণতন্ত্র ও রাজনীতির ভাষা হুমকি হতে পারে না।যৌথসভার সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, হরতাল সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের গণতান্ত্রিক শক্তি প্রয়োগের মাধ্যমে হরতাল সফল করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপি হরতাল করতে চায় না। গত আড়াই বছরে দলটি মাত্র চারটি হরতাল দিয়েছে। সরকার এসব হরতাল দিতে বাধ্য করেছে।মির্জা ফখরুল আরও বলেন, সরকার একে একে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ফেলছে। দেশকে অস্থিতিশীল করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি মীমাংসিত বিষয় নিয়ে সরকার নতুন করে বিতর্ক সৃষ্টি করছে। তিনি ইউরিয়া সারের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল তারা জনগণকে বিনামূল্যে সার দেবে। এখন তারা সারের দাম বাড়াচ্ছে।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, রুহুল কবীর রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।