হরতাল বানচালের চেষ্টায় সৃষ্ট পরিস্থিতিতে সরকার দায়ী থাকবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করবে। তবে পুরোপুরি উসকানিমূলকভাবে হরতাল বানচালের চেষ্টা চললে সৃষ্ট পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগামী ৫ জুনের হরতালকে সামনে রেখে ওই যৌথসভার আয়োজন করা হয়। এতে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গসংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হরতালে গণতান্ত্রিক শক্তি প্রদর্শনের জন্য দেশের সব জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।